Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৩০ মার্চ, ২০২৬

ভোটের মুখে সীমান্তে বিএসএফ-এর বড় সাফল্য: মাদকসহ পাকড়াও দুই বাংলাদেশি পাচারকারী

 

Bangladeshi-Smuggler

সমকালীন প্রতিবেদন : রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সীমান্ত সুরক্ষায় বাড়তি নজরদারির সুফল পেল বিএসএফ। গাইঘাটা সীমান্ত দিয়ে বাংলাদেশে কাশির সিরাপ পাচারের চেষ্টা রুখে দিল ১১২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। রবিবার রাতে কালাঞ্চি বিওপি এলাকায় অভিযান চালিয়ে দুই বাংলাদেশি পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ কাফ সিরাপ।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে কালাঞ্চি সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন জওয়ানরা। সেই সময় আন্তর্জাতিক সীমান্তের জিরো পয়েন্টের কাছে দুই যুবকের সন্দেহজনক গতিবিধি নজরে আসে তাঁদের। জওয়ানরা ধাওয়া করে ওই দুজনকে আটক করেন। এরপর তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় ২৭৫ বোতল কাশির সিরাপ। লোকসভা ও বিধানসভা ভোটের আগে সীমান্ত দিয়ে এই ধরনের পাচারের ছক ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রাথমিক জেরার পর বিএসএফ জানিয়েছে, ধৃত দুই অভিযুক্তই বাংলাদেশের নাগরিক। তাদের নাম মেহেদি হাসান এবং মোঃ সমন মিঁয়া। দুজনেরই বাড়ি বাংলাদেশের যশোর জেলার শার্শা থানা এলাকায়। প্রাথমিক তদন্তে অনুমান, তারা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে এই কাফ সিরাপ বাংলাদেশে পাচার করার পরিকল্পনা করেছিল। ওপার বাংলায় এই ধরনের কাফ সিরাপের ব্যাপক চাহিদা থাকায় চড়া দামে বিক্রির উদ্দেশ্যেই এই পাচার বলে মনে করা হচ্ছে।

সোমবার সকালে বিএসএফ-এর পক্ষ থেকে ধৃত দুই বাংলাদেশি নাগরিক এবং উদ্ধার হওয়া ২৭৫ বোতল কাশির সিরাপ গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। সীমান্তের কাঁটাতার পেরিয়ে তারা কীভাবে ভারতে প্রবেশ করল এবং এই পাচারচক্রের সাথে স্থানীয় কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন