Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

‌আইপিএল প্রস্তুতির জন্য সিবিএসই পরীক্ষা এড়ালেন বৈভব সূর্যবংশী

Vaibhav-Suryavanshi

সমকালীন প্রতিবেদন : সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় এ বার অংশ নিল না অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশী। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন থাকলেও শেষ মুহূর্তে পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বোর্ডের নিয়ম অনুযায়ী তাকে ‘অনুপস্থিত’ হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ক্রিকেটের ব্যস্ত সূচি ও আইপিএল প্রস্তুতির কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পরিবার ও স্কুল কর্তৃপক্ষ।

বিহারের তাজপুরের বাসিন্দা বৈভব ‘মডেস্টি স্কুল তাজপুর’-এর ছাত্র। চলতি বছর ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত তার দশম শ্রেণির পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষার ফর্মপূরণ ও অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছিল আগেই। পরীক্ষাকেন্দ্র নির্ধারিত ছিল পোদ্দার ইন্টারন্যাশনাল স্কুলে। তবে শেষ পর্যন্ত পরীক্ষায় না বসার সিদ্ধান্ত নেওয়া হয় বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশীর সঙ্গে আলোচনার পর।

পোদ্দার ইন্টারন্যাশনাল স্কুলের প্রধানশিক্ষক এন কে সিংহ জানান, “সিবিএসই বোর্ডের নিয়ম অনুযায়ী কেউ পরীক্ষায় উপস্থিত না থাকলে তাকে অনুপস্থিত দেখাতেই হয়। বৈভবও পরীক্ষাকেন্দ্রে আসেনি। তার বাবার সঙ্গে কথা হয়েছে। সামনে আইপিএল থাকায় এখন পুরোপুরি ক্রিকেট প্রস্তুতিতে মন দিয়েছে বৈভব। দীর্ঘ সময় অনুশীলনের দরকার হওয়ায় এ বছর পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি। আশা করছি, আগামী বছরে সে পরীক্ষায় বসবে।”

এর আগে ক্রিকেটীয় ব্যস্ততার কারণে প্রায় গোটা বছর পড়াশোনা ও স্কুল থেকে দূরে থাকতে হয়েছিল বৈভবকে। ফলে বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতিও সম্পূর্ণ হয়নি বলে জানা যায়। বর্তমানে সে আসন্ন আইপিএলের জন্য নিজেকে তৈরি করছে। গত মরসুমে রাজস্থান রয়্যালস-এর হয়ে মাত্র সাতটি ম্যাচ খেলেই চমক দেখিয়েছিল এই কিশোর। গুজরাত টাইটান্স-এর বিরুদ্ধে মাত্র ৩৫ বলে শতরান করে নজির গড়ে সে।

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপেও বৈভবের পারফরম্যান্স ছিল নজরকাড়া। সাত ম্যাচে ৬২.৭১ গড় ও ১৬৯.৪৯ স্ট্রাইক রেটে ৪৩৯ রান করে প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয় সে। একটি শতরান ও তিনটি অর্ধশতরান-সহ ফাইনালে ১৭৫ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই ১৪ বছরের প্রতিভা। সামনে পূর্ণ মরসুম খেলার সম্ভাবনা থাকায় আগেভাগেই প্রস্তুতিতে নেমেছে বৈভব।‌‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন