সমকালীন প্রতিবেদন : উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ডেওপুল গ্রামে মিশন তপোবন সংস্থার উদ্যোগে তিন দিনব্যাপী ২১তম বার্ষিক শিবরাত্রি ও বিশ্ব শান্তি গীতা মহাযজ্ঞ অনুষ্ঠিত হলো। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়। এদিন সন্ধ্যায় ছিল নাম সংকীর্তনের আয়োজন।
পরদিন সকালে বয়স ভিত্তিক অঙ্কন প্রতিযোগিতায় এলাকার ১৯২ জন ছাত্রছাত্রী অংশ নেয়। এই দিনই প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর ৩২ জন শিল্পী, যোগী এবং যোগ শিক্ষককে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এই অনুষ্ঠানের পর এদিন ২১২ জন প্রতিযোগীকে নিয়ে বয়স ভিত্তিক যোগ প্রতিযোগিতার আয়োজন করা হয়। যোগ চর্চার উপকারিতা এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কৃষ্ণপদ গুণ সহ অন্যান্য যোগ বিশারদরা।
এদিন বিকেলে কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিকদের সম্মাননা এবং স্বরচিত কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোট ৬৯ জন বিশিষ্ট জনকে মিশনের প্রথা অনুযায়ী বরণ করে নেওয়া হয়। এর পাশাপাশি এদিন শ্রুতি নাটক বিবাহ বিচ্ছেদ এবং লোকসংগীত পরিবেশন করা হয়।
সোমবার অনুষ্ঠানের শেষ দিনে সকাল সাতটা থেকে ৬৫ জন যাজ্ঞিক, ঋত্বিক, পুরোহিত, গীতা পাঠক এবং যজ্ঞ বিশেষজ্ঞ সহ দশ সম্প্রদায়ের শতাধিক সাধু সন্তদের বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়। এরপর শুরু হয় বিশ্ব শান্তি গীতা মহাযজ্ঞ। সেখানে ৬৪ মন বেলকাঠ, ৬৫ কেজি ঘি, ১৫ কেজি মধু, চন্দন কাঠ, ফল ইত্যাদি ব্যবহার করা হয়। ১২ ঘন্টা ১৫ মিনিট ধরে এই মহান যজ্ঞ অনুষ্ঠিত হয়।
তিন দিনের এই মহা ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে প্রায় দশ হাজার মানুষের মধ্যে ফল এবং অন্ন প্রসাদ বিতরণ করা হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে খাতা, পেন সহ পড়াশোনার সামগ্রী প্রদান করা হয়। শুধু এই রাজ্যই নয়, এই দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও অতিথিরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। তাঁদের স্বতঃস্ফূর্ততা এবং জনস্রোত ছিল চোখে পড়ার মতো।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন