সমকালীন প্রতিবেদন : শহরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করল গোবরডাঙা ট্রাফিক পুলিশের নতুন বিভাগ। বারাসত পুলিশ জেলার উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্মিত ট্রাফিক গার্ডের উদ্বোধন করা হল।
এদিন বারাসতের এসডিপিও অজিঙ্কা বিদ্যাগড় আনন্দ প্রথমে নামফলক উন্মোচন এবং পরে ফিতে কেটে ট্রাফিক অফিসের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়া ১ নম্বর ব্লকের সভাপতি, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা। পাশাপাশি গোবরডাঙা পুরসভার প্রধান, হাবড়া থানার আইসি অনুপম চক্রবর্তী, অশোকনগর থানার ওসি চিন্তামণি নস্কর, গোবরডাঙা থানার ওসি পিংকি ঘোষ, মছলন্দপুর তদন্ত কেন্দ্রের ওসি অভিষেক হালদার-সহ একাধিক ব্যক্তি ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসডিপিও অজিঙ্কা বিদ্যাগড় আনন্দ জানান, গোবরডাঙা এলাকায় ক্রমবর্ধমান জনসংখ্যা ও যানবাহনের চাপের কথা মাথায় রেখেই এই নতুন ট্রাফিক বিভাগ চালু করা হয়েছে। তাঁর কথায়, এর ফলে পথ নিরাপত্তা আরও মজবুত হবে, দুর্ঘটনার হার কমবে এবং ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
অন্যদিকে পুর কর্তৃপক্ষের বক্তব্য, শহরের যানজট দীর্ঘদিন ধরেই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। নতুন ট্রাফিক গার্ড চালু হওয়ায় সাধারণ মানুষ ও পথচারীরা অনেকটাই স্বস্তি পাবেন। প্রশাসনের সঙ্গে পুরসভা সবরকম সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।
মছলন্দপুর থেকে গোবরডাঙা সীমান্ত পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ট্রাফিক পুলিশের সক্রিয় নজরদারি শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, এই উদ্যোগে যান চলাচল আরও সুশৃঙ্খল হবে এবং দৈনন্দিন যাতায়াতের ভোগান্তি অনেকটাই কমবে।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন