সমকালীন প্রতিবেদন : টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য বড় স্বস্তির খবর। চোট কাটিয়ে জাতীয় দলের জার্সিতে ফেরার পথে তিলক বর্মা। বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে আর কোনও সংশয় নেই। তবে ম্যাচ ফিটনেস ঝালিয়ে নিতে বোর্ডের নির্দেশে ভারতীয় ‘এ’ দলের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবেন তিনি। সেই লক্ষ্যে ১৫ সদস্যের ভারতীয় ‘এ’ দল ঘোষণা করেছে বিসিসিআই।
বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলিকে ম্যাচ অনুশীলনের সুযোগ করে দিতেই ভারতীয় ‘এ’ দল দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে আমেরিকার, চার দিন পরে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ নামিবিয়া। এই দুই ম্যাচের জন্য আয়ুষ বাদোনির নেতৃত্বে দল ঘোষণা করা হয়েছে।
স্কোয়াডে বিশেষ নজর থাকবে তিলক বর্মা ও রিয়ান পরাগের দিকে। দু’জনেই দীর্ঘ রিহ্যাব শেষে মাঠে ফিরেছেন। তিলক ইতিমধ্যেই ভারতের বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও রিয়ান এখনও মূল দলে জায়গা পাননি। তবে ওয়াশিংটন সুন্দর ফিট না হলে রিয়ানের বিশ্বকাপ দলে ঢোকার সম্ভাবনা রয়েছে। তাই এই প্রস্তুতি ম্যাচে নিজেকে প্রমাণ করাই তাঁর লক্ষ্য।
ব্যাটিং বিভাগে আয়ুষ বাদোনি ছাড়াও রয়েছেন নমন ধীর, প্রিয়াংশ আর্য, উর্ভিল প্যাটেল ও নারায়ণ জগদীশন। স্পিন আক্রমণের দায়িত্বে থাকবেন রবি বিষ্ণোই, সঙ্গে মানব সুথার ও বিপ্রাজ নিগম। পেস বিভাগে চমক হিসেবে রয়েছেন ১৫০ কিমি গতিতে বল করতে সক্ষম মায়াঙ্ক যাদব ও অশোক শর্মা। ভবিষ্যতের কথা মাথায় রেখেই তরুণ প্রতিভাদের বড় মঞ্চে সুযোগ দিতে চাইছে বোর্ড।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন