Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

মাধ্যমিকের মাঝেই স্কুলের সামনে আবর্জনা ফেলা নিয়ে পথ অবরোধে উত্তপ্ত ঠাকুরনগর

 

Garbage-in-front-of-school

সমকালীন প্রতিবেদন : মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুল চত্বরে নোংরা আবর্জনা ফেলার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর এলাকা। গাইঘাটা থানার অন্তর্গত চিকনপাড়া আরপি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে দীর্ঘদিন ধরেই নিয়মিত আবর্জনা ফেলার অভিযোগ উঠছে। দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই সমস্যা নতুন নয়। কয়েক মাস আগেও একই দাবিতে স্কুলের ছাত্রছাত্রীরা ঠাকুরনগর তালতলা মোড় অবরোধ করেছিল। এদিন ফের একই অভিযোগে ক্ষোভে ফেটে পড়ে চিকনপাড়া আরপি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। স্কুলের সামনে নোংরা ফেলার কারণে ক্লাস করতে অসুবিধা হচ্ছে– এই অভিযোগ তুলে তারা ঠাকুরনগর তালতলা মোড়ে পথ অবরোধ করে।

এর জেরে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে ঠাকুরনগর–চাঁদপাড়া এবং ঠাকুরনগর–গাইঘাটা রোড। দুই গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী ও পরীক্ষার্থীরা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হন ইছাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক মণ্ডল। তিনি প্রকাশ্যে স্কুলের সামনে আবর্জনা ফেলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি ছোট ছাত্রছাত্রীদের দিয়ে রাস্তা অবরোধ করানোর ঘটনাকেও কড়া ভাষায় সমালোচনা করেন।

দীপক মণ্ডল আশ্বাস দেন, ভবিষ্যতে যাতে বিদ্যালয় চত্বরে এ ধরনের নোংরা ফেলা না হয়, সে বিষয়ে প্রশাসনের তরফে কড়া নজরদারি রাখা হবে। দীর্ঘ বাদানুবাদের পর অবশেষে ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নেয় এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। মাধ্যমিক পরীক্ষার সময় এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তার দাবিতেই এখন সরব অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন