Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

আগরতলা–ঢাকা ও কলকাতা–ঢাকা বাস ফের চালু হচ্ছে

 

Kolkata-Dhaka-bus

সমকালীন প্রতিবেদন : প্রায় দেড় বছর বন্ধ থাকার পর ফের চালু হতে চলেছে আগরতলা–ঢাকা ও কলকাতা–ঢাকা বাস পরিষেবা। দু’দেশের কূটনৈতিক টানাপোড়েনের জেরে গত ১৮ মাস ধরে স্থগিত ছিল এই পরিষেবা। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার থেকে নিয়মিত যাত্রা শুরু হবে। আপাতত সপ্তাহে তিন দিন বাস চলবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই পরীক্ষামূলক পরিষেবা শুরু হয়েছে‌। ত্রিপুরার কৃষ্ণনগর ডিপো থেকে একটি বাস ঢাকা পর্যন্ত ট্রায়াল রান সম্পন্ন করেছে।

২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর ৮ আগস্ট মহম্মদ ইউনুস-এর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেই সময় দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। রেল পরিষেবার পাশাপাশি বাস চলাচলও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। কলকাতা–ঢাকা রুটের পাশাপাশি ঢাকা হয়ে আগরতলা–কলকাতা বাস পরিষেবাও স্থগিত ছিল।

এখন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে কূটনৈতিক মহলের একাংশের মত। নতুন করে বাস পরিষেবা চালুর সিদ্ধান্তকে সেই প্রেক্ষাপটেই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ঢাকা হয়ে আগরতলা থেকে কলকাতার দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার। এই রুটে যাত্রাভাড়া নির্ধারিত হয়েছে ২,৮০০ টাকা। তুলনায় ট্রেনে গুয়াহাটি ঘুরে আগরতলা থেকে কলকাতা যেতে প্রায় ১,৫৬৭ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। ফলে সড়কপথের এই পরিষেবা সময় ও দূরত্ব– দুই দিক থেকেই সুবিধাজনক হবে বলে মনে করছেন যাত্রীরা।

বিশেষ করে ত্রিপুরা ও বাংলাদেশের ঐতিহাসিক ও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে এই বাস পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। পরিষেবা ফের চালু হওয়ার খবরে ত্রিপুরার বাসিন্দাদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁর বক্তব্য, বাংলাদেশে নির্বাচিত সরকার গঠনের পর অনিশ্চয়তা কেটেছে এবং বাস পরিষেবা পুনরায় চালু হওয়া দ্বিপাক্ষিক সম্পর্কের পক্ষে ইতিবাচক বার্তা বহন করছে। তিনি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে বাকি সমস্যাগুলিও আলোচনার মাধ্যমে মিটে যাবে।

পরিবহণকারী সংস্থার একটি বাস ইতিমধ্যেই ঢাকা থেকে পশ্চিম ত্রিপুরার কৃষ্ণনগর ডিপোতে পৌঁছেছে। এখন নিয়মিত পরিষেবা শুরুর অপেক্ষা। কূটনৈতিক উষ্ণতার এই নতুন অধ্যায় দুই দেশের মানুষের যোগাযোগ আরও মজবুত করবে বলেই মত পর্যবেক্ষকদের।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন