সমকালীন প্রতিবেদন : ভারত–পাকিস্তান সম্পর্কের অবনতির সরাসরি প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ সূচিতে। এই পরিস্থিতিতে ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালের এক দিনের বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি ভাবনাচিন্তার মধ্যে রয়েছে বলে জানা যাচ্ছে। অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদপত্র The Age-এর এক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যদি এই দুই বড় প্রতিযোগিতা ভারত থেকে সরে যায়, তবে আয়োজক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এর আগেও তারা সফল ভাবে ২০১৫ সালের এক দিনের বিশ্বকাপ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছে। সেই অভিজ্ঞতাই এবার তাদের বড় ভরসা।
বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি রয়েছে, যেখানে বহুদেশীয় প্রতিযোগিতায় কোনও দলই একে অপরের দেশে গিয়ে খেলবে না। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে রাজি না হওয়ায় এই চুক্তি কার্যকর হয়েছিল, যা আপাতত ২০২৭ সাল পর্যন্ত বলবৎ। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে এই ব্যবস্থাই দীর্ঘমেয়াদে বজায় থাকার সম্ভাবনা প্রবল।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের দাবি, এই ধরনের ‘হাইব্রিড মডেল’ আয়োজনে রাজি নয় আইসিসি। কারণ, শুধু একটি ম্যাচের জন্য দলগুলিকে নিরপেক্ষ দেশে যাতায়াত করতে হচ্ছে, বাড়তি হোটেল ও নিরাপত্তার ব্যবস্থা করতে হচ্ছে, যার ফলে খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে।
এর উদাহরণ হিসেবে সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে ভারতীয় দলকে কলম্বো যেতে হয়েছিল। একইভাবে এশিয়া কাপের সময় পাকিস্তান পুরো প্রতিযোগিতা নিজেদের দেশে খেললেও ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য তাদের কলম্বো যেতে হয়।
এই জটিলতায় বাংলাদেশও জড়িয়ে পড়েছে। নিরপেক্ষ ভেন্যুর দাবি জানালেও তা মানা হয়নি, ফলে তারা এবারের বিশ্বকাপে অংশ নিতে পারেনি। আইসিসি এই ধরনের জটিলতা এড়াতে চাইলেও, ভারতের বিপুল বাজারমূল্য ও আর্থিক গুরুত্বের কারণে সব প্রতিযোগিতা একেবারে সরিয়ে নেওয়া আদৌ সম্ভব কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে ক্রিকেটমহলে।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন