Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১ মার্চ, ২০২৬

এক অ্যাপে লোকাল থেকে দূরপাল্লা, রেলওয়ের নতুন ডিজিটাল পরিষেবা শুরু ‘রেলওয়ান’ এর

 

Digital-service-'RailOne'

সমকালীন প্রতিবেদন : ‌লোকাল ও দূরপাল্লার ট্রেনের টিকিট কাটতে আর আলাদা আলাদা অ্যাপ ব্যবহারের প্রয়োজন নেই। আজ, ১ মার্চ থেকে ‘ইউটিএস’ পরিষেবা বন্ধ করে এক ছাতার তলায় আনা হচ্ছে সমস্ত টিকিট ব্যবস্থা। নতুন ‘রেলওয়ান’ অ্যাপেই মিলবে অসংরক্ষিত ও সংরক্ষিত– দু’ধরনের টিকিটের সুবিধা। ফলে একাধিক আইডি-পাসওয়ার্ড মনে রাখা বা আলাদা প্ল্যাটফর্মে লগইন করার ঝক্কি থেকে মুক্তি পাবেন যাত্রীরা।

নতুন অ্যাপে লোকাল ও দূরপাল্লার ট্রেনের টিকিট কাটা যাবে একসঙ্গেই। দূরপাল্লার ট্রেনের পিএনআর স্ট্যাটাস দেখা, নির্দিষ্ট ট্রেনের সময়সূচি ও নম্বর দিয়ে তথ্য খোঁজা, রুট ম্যাপ ও রিয়েল টাইম অবস্থান ট্র্যাক করা– সবই থাকবে একই জায়গায়। দূরপাল্লার যাত্রায় খাবার বুকিং, টিকিট বাতিল ও রিফান্ডের ব্যবস্থাও করা যাবে অ্যাপ থেকেই।

অসংরক্ষিত বা লোকাল টিকিটের ক্ষেত্রে ‘আনরিজার্ভড’ অপশনে গিয়ে উৎস ও গন্তব্য স্টেশন বেছে টিকিট কাটা যাবে। মান্থলি বা সিজন টিকিটের ক্ষেত্রেও রয়েছে ‘রিনিউ’ অপশন। সংরক্ষিত টিকিট কাটতে ‘রিজার্ভড’ বিভাগে গিয়ে তারিখ, শ্রেণি ও কোটা নির্বাচন করে উপলব্ধ আসন দেখা যাবে।

যাঁদের আগে থেকেই ‘ইউটিএস’ বা ‘আইআরসিটিসি রেল কানেক্ট’ অ্যাপে প্রোফাইল রয়েছে, তাঁরা একই আইডি দিয়ে ‘রেলওয়ান’-এ লগইন করতে পারবেন। পূর্ববর্তী তথ্য স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে। প্রথমবার লগইনের পরে নতুন পাসওয়ার্ড বা এমপিন তৈরি করতে হবে। যাঁদের পুরনো প্রোফাইল নেই, তাঁরা ‘নিউ ইউজার রেজিস্ট্রেশন’ অপশনে গিয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন।

যাঁদের ইউটিএস অ্যাপে সিজন টিকিট বা ওয়ালেটে অর্থ রয়েছে, তাঁরা ‘ট্রান্সফার টিকিট’ লিঙ্কে ক্লিক করে তা ‘রেলওয়ান’ অ্যাপে স্থানান্তর করতে পারবেন। মান্থলি, কোয়ার্টারলি বা অ্যানুয়াল পাস– সবই ট্রান্সফারের আওতায় আসবে। ওয়ালেটে থাকা অর্থও নতুন অ্যাপে আপডেট হয়ে যাবে।

অনলাইনে টিকিট কাটতে হলে এই নতুন অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক। অ্যাপ ডাউনলোড করা বিনামূল্যে হলেও নির্ধারিত ভাড়া ও প্রযোজ্য সার্ভিস চার্জ দিতে হবে। মোবাইল নম্বর ও ওটিপি দিয়ে লগইন বা রেজিস্ট্রেশন করতে হয়। রেল পরিষেবার সঙ্গে সরাসরি যুক্ত হওয়ায় পেমেন্ট ব্যবস্থা সুরক্ষিত বলেই দাবি কর্তৃপক্ষের।

কোনও সমস্যায় পড়লে যাত্রীরা ১৩৯ নম্বরে যোগাযোগ করতে পারবেন। রেলের এই নতুন উদ্যোগে ডিজিটাল টিকিটিং আরও সহজ ও একীভূত হবে বলেই মনে করা হচ্ছে।‌‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন