সমকালীন প্রতিবেদন : পঞ্চায়েত নির্বাচনে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভোট লুঠ এবং এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন বনগাঁ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তৃণমূল নেতা জাফর আলি মণ্ডল। তার গ্রেফতারির খবর প্রকাশ্যে আসতেই বনগাঁর রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। পরপর দুই তৃণমূল নেতার গ্রেফতারির ঘটনায় তৃণমূল দলের অস্বস্তি আরও বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভোট লুঠের অভিযোগ উঠেছিল জাফর আলি মণ্ডল ও তার অনুগামীদের বিরুদ্ধে। পাশাপাশি, এক মহিলার সঙ্গে শ্লীলতাহানির অভিযোগও সামনে আসে। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। যদিও এই ঘটনায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা বিচারাধীন।
জাফরের গ্রেফতারিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বনগাঁয়। বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনীয়া এই প্রসঙ্গে বলেন, “এটা স্বাভাবিক হওয়ার কথা। প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি করেছে। সমবায় সমিতির জায়গা জবরদখল করেছে। সকলের জায়গা ফেরত দিতে হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থাও হবে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
অন্যদিকে, বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন মজুমদারও জাফর আলি মণ্ডলের গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন। তাঁর অভিযোগ, জাফর এলাকায় ত্রাস হিসেবে পরিচিত ছিল। পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠের অভিযোগের সঙ্গেও সে যুক্ত ছিল বলে দাবি করেন স্বপনবাবু। এমনকী, যাঁরা এই অভিযোগ তুলেছিলেন, তাঁদের জাফর ও তার বাহিনী বেধড়ক মারধর করেছিল বলেও অভিযোগ করেছেন তিনি।
পুলিশের দাবি, বিধানসভা নির্বাচনের পর থেকে অভিযুক্ত জাফর আলি মণ্ডল বাড়ি থেকে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। এমনই এই রাজ্য ছেড়ে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়ে ছিল। পুলিশ তার উপর নজরদারি চালাচ্ছিল। অবশেষে বৃহস্পতিবার রাতে কলকাতার নিউটাউন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের দাবি। শুক্রবার তাকে বনগাঁ আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে তাকে দুদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাসকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছিল গোপালনগর থানার পুলিশ। এবার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জাফর আলি মণ্ডলের গ্রেফতারি ঘিরে বনগাঁর রাজনৈতিক পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে।
একদিকে পুরনো নির্বাচনী অভিযোগ, অন্যদিকে তৃণমূল নেতাদের পরপর গ্রেফতারির ঘটনায় বনগাঁর রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। আগামী দিনে এই মামলার তদন্ত কোন দিকে এগোয় এবং অভিযোগের ভিত্তিতে আদালতে কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল ও স্থানীয় বাসিন্দাদের।









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন