সমকালীন প্রতিবেদন : বনগাঁর নতুনগ্রাম এলাকায় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ১৫টিরও বেশি পথকুকুরকে মেরে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বেশ কয়েকটি কুকুর এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, একটি পোল্ট্রি ফার্মের সামনে পথকুকুরগুলিকে খাবার দেওয়া হয়। অভিযোগ, সেই খাবারের সঙ্গেই মেশানো ছিল বিষ। পাশাপাশি রাস্তার ধারে রান্না করা কাঁকড়ার সঙ্গেও বিষ মিশিয়ে কুকুরগুলিকে খাওয়ানো হয়। খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একের পর এক কুকুর অসুস্থ হয়ে পড়ে এবং পরে মারা যায়। বেশ কয়েকটি সারমেয় এখনও ছটফট করছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে পরিকল্পিতভাবেই এই কাজ করা হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বহু বাসিন্দা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এই পথকুকুরগুলি এলাকায় ঘুরে বেড়াত, কারও ক্ষতি করত না। এভাবে বিষপ্রয়োগ করে প্রাণী হত্যা মানবিকতার পরিপন্থী বলেই মত তাঁদের।
অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও সূত্রের খবর। দোষীদের চিহ্নিত করে কড়া শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় প্রাণীপ্রেমী সংগঠনগুলিও সরব হতে শুরু করেছে বলে জানা যাচ্ছে।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন