সমকালীন প্রতিবেদন : ভিন রাজ্যে রোজগারের আশায় গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল উত্তর ২৪ পরগনার বাগদার এক যুবক। একমাত্র ছেলের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও গোটা এলাকাজুড়ে।
মৃত যুবকের নাম লোকেশ হাওলাদার (২১)। সংসারের আর্থিক অনটন দূর করতে এবং বাড়িতে ছাদ দেওয়ার স্বপ্ন পূরণ করতেই দিন ২০ আগে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন তিনি। সেখানে সেন্টারিংয়ের কাজে যুক্ত ছিলেন লোকেশ। কিন্তু শুক্রবার দুপুরে বাড়িতে আসে ভয়াবহ দুঃসংবাদ। কাজের সময় বহুতল বিল্ডিং এর ৮ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর।
খবর পৌঁছানোর পরই ভেঙে পড়ে পরিবার। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে যান মা। কান্নায় ভেঙে পড়েন বাবা লিটন হাওলাদার ও অন্যান্য আত্মীয়স্বজন। শোকের আবহ ছড়িয়ে পড়ে গোটা বাগদা এলাকায়।
লোকেশের বাবা জানান, তিনি চাষবাস করে কোনওরকমে সংসার চালান। বাড়ির ছাদ দেওয়ার জন্য অর্থের প্রয়োজন ছিল বলেই ছেলেকে বাইরে কাজে পাঠাতে বাধ্য হন। “আমাদের একমাত্র ছেলে ছিল লোকেশ। ভাবতেই পারছি না আর কোনও দিন ও ফিরবে না। এখন আমরা কীভাবে বাঁচব?”– কান্নাজড়ানো গলায় বলেন তিনি।
লোকেশের এক মাসির কথায়, “বাবা মারা গেলেও এত কষ্ট পাইনি। ভগবান আমাদের ছেলেটাকে এভাবে অকালে কেড়ে নেবে, তা কোনওদিন ভাবিনি। ফোনে যখন লোকেশের মৃত্যুর খবর পেলাম, তখন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না।”
প্রতিবেশীরা জানান, লোকেশ আগেও কাজের সূত্রে ভিন রাজ্যে গিয়ে পরিবারের জন্য অর্থ পাঠিয়েছিল। এবারও একই উদ্দেশ্যে সে বাইরে যায়। কিন্তু এমন মর্মান্তিক দুর্ঘটনায় পরিবার কার্যত সর্বস্বান্ত হয়ে পড়েছে। তাঁদের দাবি, দরিদ্র এই পরিবারের পাশে প্রশাসনের দাঁড়ানো উচিত এবং উপযুক্ত ক্ষতিপূরণ ও সহায়তার ব্যবস্থা করা প্রয়োজন।
রবিবার রাতে লোকেশের মৃতদেহ বাড়িতে পৌঁছালে শেষবারের মতো তাঁকে দেখার জন্য ভিড় জমান আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। অকালপ্রয়াত যুবকের মৃত্যুতে গোটা বাগদা এলাকায় নেমে এসেছে গভীর শোক।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন