সমকালীন প্রতিবেদন : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব সম্পূর্ণ হওয়ার আগেই ২০২৮ সালের বিশ্বকাপের জন্য ১২টি দলের অংশগ্রহণ প্রায় নিশ্চিত হয়ে গেল। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার নিয়ম অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ড পূরণ করা দলগুলিই সরাসরি সুযোগ পাবে। সেই তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশও, যদিও এ বারের আসরে তারা অংশ নেয়নি। বাকি আটটি দল বাছাইপর্বের মাধ্যমে চূড়ান্ত হবে।
এ বার সুপার এইট পর্বে ওঠা আটটি দল হল– ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে ও নিউজিল্যান্ড। এই দলগুলি আগামী বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র পেয়েছে। পাশাপাশি আয়োজক দেশ অস্ট্রেলিয়ার অংশগ্রহণ আগেই নিশ্চিত ছিল। ফলে এই নয়টি দল নিশ্চিতভাবেই ২০২৮ সালের আসরে খেলবে।
এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার ক্রমতালিকার ভিত্তিতে আরও তিনটি দল সরাসরি সুযোগ পাবে। ৮ মার্চ ফাইনাল ম্যাচের পর ৯ মার্চ যে সর্বশেষ ক্রমতালিকা প্রকাশিত হবে, তাতে শীর্ষ ১২টি দল বিশ্বকাপে খেলার অধিকার অর্জন করবে। বর্তমানে ক্রমতালিকায় নবম স্থানে বাংলাদেশ, দশম স্থানে আফগানিস্তান এবং দ্বাদশ স্থানে আয়ারল্যান্ড রয়েছে।
উল্লেখযোগ্য বিষয়, এ বার শীর্ষ ১২-র বাইরে থাকা কোনও দল সুপার এইট পর্বে উঠতে পারেনি। ফলে স্থান অদলবদলের সম্ভাবনা থাকলেও নতুন কোনও দলের ঢোকার সুযোগ কার্যত নেই। সব মিলিয়ে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন