Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জল্পনার ইতি, জিওহটস্টারেই দেখা যাবে খেলা

 

World-Cup-broadcast

সমকালীন প্রতিবেদন : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনও প্রায় দু’মাস বাকি। এর মধ্যেই বিশ্বকাপের স্কোয়াড নিয়ে যেমন চর্চা তুঙ্গে, তেমনই আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল আর একটি গুরুত্বপূর্ণ বিষয়—বিশ্বকাপের ম্যাচগুলির সরাসরি সম্প্রচার। বিশেষ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল -এর সঙ্গে জিওহটস্টার-এর চুক্তি নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে ক্রিকেটমহলে। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, আর্থিক চাপ ও আইসিসি-র বিপুল আর্থিক দাবির কারণে বিশ্বকাপের আগেই চুক্তি ছিন্ন করতে পারে জিওহটস্টার। 

বিকল্প সম্প্রচারকারী হিসেবে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এমনকি দূরদর্শনের নামও ঘুরতে থাকে। এই জল্পনার আবহে অবশেষে স্পষ্ট অবস্থান জানাল আইসিসি ও জিওহটস্টার– দুই পক্ষই। যৌথ বিবৃতিতে তারা জানিয়েছে, চুক্তি ভাঙার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দুই পক্ষের অবস্থান সঠিকভাবে তুলে ধরা হয়নি বলেই দাবি করা হয়।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “সম্প্রতি জিওহটস্টার ও আইসিসি-এর মিডিয়া রাইটস সংক্রান্ত যে সব রিপোর্ট প্রকাশিত হয়েছে, তা আমাদের নজরে এসেছে। তবে সেই রিপোর্টগুলিতে কোনও পক্ষের অবস্থানই যথাযথভাবে উপস্থাপিত হয়নি। আইসিসি ও জিওহটস্টারের মধ্যে মিডিয়া রাইটস সংক্রান্ত চুক্তি সম্পূর্ণভাবে বহাল রয়েছে। ভারতে আইসিসি-র মিডিয়া পার্টনার হিসেবে জিওহটস্টারই থাকছে। জিওহটস্টার চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে– এমন যে কোনও দাবি ভুল।”

বিবৃতিতে আরও জানানো হয়েছে, চুক্তির সব শর্ত মেনেই কাজ চালিয়ে যাবে দুই পক্ষ। বর্তমানে তাদের সম্পূর্ণ মনোযোগ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সফল সম্প্রচারের দিকেই। একই সঙ্গে ভবিষ্যতের একাধিক আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টের সম্প্রচার নিয়েও আলোচনা হয়েছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত সময়কালের জন্য আইসিসি-এর সঙ্গে জিওহটস্টারের মিডিয়া রাইটস চুক্তি রয়েছে। এই চুক্তির মোট আর্থিক মূল্য প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৭ হাজার কোটি টাকারও বেশি। এত বড় অঙ্কের চুক্তি ঘিরেই আর্থিক চাপ ও দরকষাকষি নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

তবে আইসিসি ও জিওহটস্টার-এর যৌথ বিবৃতির পর সেই সব জল্পনায় কার্যত ইতি পড়ল। বিশ্বকাপের সম্প্রচার নিয়ে অনিশ্চয়তার মেঘ কাটায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রিকেটপ্রেমীরাও। এখন নজর পুরোপুরি মাঠের লড়াই আর বিশ্বকাপের রোমাঞ্চে।‌






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন