Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

আইপিএলের আগে নতুন উদ্যমে অনুশীলন মহেন্দ্র সিং ধোনির

 

Practice-of-Dhoni

সমকালীন প্রতিবেদন : আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন বহুদিন আগেই। তবুও আলোচনার কেন্দ্রবিন্দুতে মহেন্দ্র সিং ধোনি। আইপিএল শুরু হতে এখনও কয়েক মাস বাকি, তার আগেই ফের শিরোনামে উঠে এসেছেন চেন্নাই সুপার কিংসের এই কিংবদন্তি অধিনায়ক। সম্প্রতি রাঁচির রাস্তায় বাইক ও ভিন্টেজ গাড়িতে ঘুরে বেড়ানোর ভিডিও ভাইরাল হওয়ার পর এবার চর্চায় তাঁর কঠোর অনুশীলনের রুটিন।

ক্রিকেট মহলের একাংশে গুঞ্জন ছিল, আসন্ন আইপিএল-এর আগেই ধোনি হয়তো অবসরের সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু বাস্তবে চিত্রটা একেবারেই উল্টো। ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অর্থাৎ JSCA স্টেডিয়ামে প্রতিদিন প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে ঘাম ঝরাচ্ছেন ৪৪ বছর বয়সি মাহি। বিশেষজ্ঞদের মতে, তাঁর এই নিষ্ঠা ও প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে—ধোনি এখনও পুরোপুরি প্রস্তুত আরেকটি মরসুমে আইপিএল মাতানোর জন্য।

JSCA-র এক কর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ধোনি এখনও আগের মতোই নিয়ম মেনে চলছেন। শেষ দুই মাস ধরে তিনি একই রুটিনে অনুশীলন করছেন। দুপুর দেড়টা নাগাদ স্টেডিয়ামে পৌঁছান। প্রথমে জিমে এক ঘণ্টা কাটান। তারপর দু’ঘণ্টা ধরে নেটে পাওয়ার হিটিংয়ের অনুশীলন করেন। যদি মাঠ ফাঁকা থাকে, তবে ম্যাচের মতো সিচুয়েশন তৈরি করে সেন্টার উইকেটে ব্যাটিং করেন। শেষে আধ ঘণ্টা সুইমিং করে সন্ধে ছ’টার মধ্যে মাঠ ছাড়েন।”

রাঁচিতে তাঁর বাড়ি থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত JSCA স্টেডিয়ামেই সেপ্টেম্বর মাস থেকে নিয়মিত প্র্যাকটিস করছেন ধোনি। বয়স এবং শারীরিক চোটকে উপেক্ষা করেই নিজের ফিটনেস ধরে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। চেন্নাই সুপার কিংসের CEO কাশী বিশ্বনাথন সম্প্রতি জানিয়েছেন, “ধোনি আইপিএল-এর আগে কোনওভাবেই অবসর নেবেন না। তিনি নিজের শরীর এবং ফর্ম নিয়ে অত্যন্ত যত্নশীল। দল তাঁকে নিয়ে সম্পূর্ণ আশাবাদী।” 

ফলে, আইপিএল ২০২৬-এ ধোনির প্রত্যাবর্তন এখন শুধু সময়ের অপেক্ষা। অভিজ্ঞতা, নেতৃত্ব আর অপরিসীম মানসিক শক্তির মিশেলে এখনও যে তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন, সেই বিশ্বাসই জোরদার হচ্ছে রাঁচির JSCA স্টেডিয়ামের প্রতিটি বিকেলে, যখন সূর্য ডোবার আগেই মাঠ ছাড়েন এক ‘অদম্য’ মাহি।‌






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন