সমকালীন প্রতিবেদন : ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রত্যাবর্তন ম্যাচে বড় ইনিংস খেলতে না পারলেও টেস্ট ক্রিকেটে নতুন নজির গড়ে ফেললেন ঋষভ পন্থ। শনিবার দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংসে মাত্র ২৭ রানে আউট হলেও সেই ছোট্ট ইনিংসেই বীরেন্দ্র সহবাগের একটি গুরুত্বপূর্ণ রেকর্ড টপকে গেলেন তিনি।
চোট সারিয়ে দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফিরেছেন পন্থ। ফেরার ম্যাচে ব্যাট হাতে তেমন উজ্জ্বল না হলেও মাঠে নামার মুহূর্ত থেকেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে দুই পায়ে দুই রকম ডিজাইনের জুতো পরা তাঁর ছবি রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। চোট পাওয়া পায়ের জন্য বিশেষ ভাবে তৈরি কালো জুতোর সুরক্ষা এবং অন্য পায়ে সাদা জুতো—এই বৈপরীত্য নজর কেড়েছে সমর্থকদের।
ইডেনের কঠিন, ভাঙা পিচে ২৪ বলে ২৭ রানের ইনিংসে দু’টি ছয় মারেন পন্থ। আর এই দুই ছক্কা দিয়েই তৈরি হয়েছে নতুন ভারতীয় রেকর্ড। দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মেরেছেন সহবাগ। সেই সংখ্যা হল ৯০টি। কলকাতা টেস্টে প্রথম ছক্কাটি মারতেই তাঁকে পিছনে ফেলেন পন্থ। দ্বিতীয় ছয়ের পর তাঁর ছক্কা সংখ্যা দাঁড়ায় ৯২টি– যা এখন ভারতীয় ক্রিকেটের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ।
যদিও বিশ্ব ক্রিকেটের তালিকায় পন্থ রয়েছেন সপ্তম স্থানে। শীর্ষে ইংল্যান্ডের বেন স্টোকস, তাঁর ছক্কার সংখ্যা ১৩৬, তার পরে ম্যাকালাম, ছক্কার সংখ্যা ১০৭, গিলক্রিস্টের ছক্কার সংখ্যা ১০০, সাউদি এবং ক্রিস গেইলের ৯৮টি করে ও কালিসের ছক্কার সংখ্যা ৯৭টি। তবু ভারতীয় ক্রিকেটে নতুন মাইলফলক স্থাপন করে প্রত্যাবর্তনের দিনটিকে বিশেষ করে তুললেন ঋষভ পন্থ।
দলের পরিস্থিতিও যে কঠিন—তা বলাই বাহুল্য। ইডেনের পিচে ব্যাটিং করা যেমন কঠিন হয়ে উঠেছে, তেমনই রান তোলাও দুঃস্বপ্ন। সেই অবস্থায় পন্থের ছক্কা-নির্ভর আক্রমণাত্মক ব্যাটিং কিছুটা হলেও ম্যাচের গতি বদলানোর বার্তা দেয়। বিশেষ করে শুভমন গিল রিটায়ার্ড হার্ট হয়ে ফেরার পর দলের চাপ বেশ খানিকটাই বেড়ে গিয়েছিল।
তা সত্ত্বেও এমন কঠিন পরিস্থিতিতে ফিরে এসে রেকর্ড গড়া নিঃসন্দেহে পন্থের আত্মবিশ্বাস বাড়াবে। ভারতীয় শিবিরের আশা—আগামী ইনিংসগুলোতে তিনি আরও দীর্ঘ সময় ২২ গজে থেকে দলকে এগিয়ে নিয়ে যাবেন। তাঁর প্রত্যাবর্তনের গল্পে ইডেনের এই রেকর্ড আরেকটি উজ্জ্বল অধ্যায় যোগ করল।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন