সমকালীন প্রতিবেদন : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আগামী মরসুমের আগে ঢেলে দল সাজাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। অন্তত ইঙ্গিত তেমনই। গত মরসুমের মাঝপথে সহকারী হিসেবে ফিরেছিলেন অভিষেক নায়ার। তিনি এবার উইমেন্স প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়র্সের দায়িত্ব নিয়েছেন। দু-বছর কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত। ২০২৪-এর আইপিএলে কেকেআর টিমে মেন্টর হিসেবে ছিলেন গৌতম গম্ভীর। ক্যাপ্টেন হিসেবে কেকেআরকে দুটি ট্রফি এনে দিয়েছিলেন গৌতম গম্ভীর। মেন্টর হিসেবে ফিরেও ট্রফি। গত মরসুমে চূড়ান্ত ব্যর্থ হয় কলকাতা নাইট রাইডার্স। বিদায় নিতে হলো হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে।
দীর্ঘ ১০ বছরের ব্যবধানে ট্রফি জয়ের নেপথ্যে গৌতম গম্ভীরকেই কৃতিত্ব দেওয়া হয়েছিল। তা যে খুব একটা ভুল নয়, গত মরসুমের পারফরম্যান্সই যেন প্রমাণ করে দেয়। প্রথম শ্রেনির ক্রিকেটে চন্দ্রকান্ত পণ্ডিত যথেষ্ঠ সফল কোচ। যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর দক্ষতা নিয়ে সন্দেহ থাকেই। কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নেমেছিল ১৮তম সংস্করণে। কিন্তু প্লে-অফের ধারেকাছেও যেতে পারেনি। কোচিং টিমে তাই বড় বদলের পথে কলকাতা নাইট রাইডার্স।
কলকাতা নাইট রাইডার্সের তরফেই একটি সোশ্যাল মিডিয়া পোস্টে চন্দ্রকান্ত পণ্ডিতের বিদায়ের কথা জানানো হয়েছে। কোচকে যে ছাঁটাই করা হল তা পরিষ্কার। গত মরসুমে গম্ভীরের জায়গায় কেকেআরের মেন্টর হয়েছিলেন ডোয়েন ব্র্যাভো। তাঁকে রাখা হবে। তবে মেন্টরের পাশাপাশি হেড কোচের দায়িত্বও তিনিই সামলাবেন, নিশ্চয়তা নেই। দীর্ঘ সময় ধরেই আলোচনা চলছে, কেকেআরের প্রাক্তন ক্যাপ্টেন ইয়ন মর্গ্যানকে কোচ করে আনার।
শুধু তাই নয়, বোলিং কোচ ভরত অরুণের সঙ্গেও কেকেআরের ছাড়াছাড়ি হতে পারে। তিনি চেন্নাই সুপার কিংসে যোগ দিতে পারেন, এমনটাই শোনা যাচ্ছে। ২০২৩ সালে পণ্ডিতকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছিলেন কেকেআর কর্তৃপক্ষ। ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের অন্যতম সফল কোচ পণ্ডিতের উপর আস্থা রেখেছিল শাহরুখের দল। প্রথম বছর আইপিএলের লিগ পর্বে সপ্তম স্থানে শেষ করে কেকেআর।
২০২৪ সালে কেকেআর মেন্টর হিসাবে নিয়ে আসে গৌতম গম্ভীরকে। সাফল্যের মুখ দেখে কেকেআর। তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয় তারা। ২০২৫ সালে গম্ভীর ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে চলে যাওয়ার পর আবার ব্যর্থ কেকেআর। লিগ পর্বে অষ্টম স্থানে শেষ করেন রাহানেরা। ১৪টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় পায় কেকেআর। চ্যাম্পিয়ন হওয়ার পরের বছরই করুণ পারফরম্যান্স পণ্ডিতের উপর আস্থা নষ্ট করে দেয়। আইপিএলের গত পূর্ণাঙ্গ নিলামে পণ্ডিতের মতামত অনুযায়ী দল গঠনও ভুগিয়েছে কেকেআরকে।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন