Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ট্রেনের কামরায় জোরে গান বা মোবাইলে রিলস দেখলেই বিপদ! অভিযোগ পেলেই জেল, জরিমানা

 

Use-of-mobile-in-train

সমকালীন প্রতিবেদন : ‌ট্রেনের কামরা হোক বা স্টেশন চত্বর, মোবাইলে তারস্বরে গান শোনা, ভিডিয়ো চালানো কিংবা উচ্চস্বরে ফোনে কথা বলার অভ্যাসে এবার লাগাম টানতে চলেছে পূর্ব রেল। সহযাত্রীদের শান্তিপূর্ণ যাত্রায় বিঘ্ন ঘটালে আর রেহাই মিলবে না। এমন আচরণের বিরুদ্ধে অভিযোগ জমা পড়লেই সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হতে পারে। নিয়মভঙ্গের জন্য সর্বোচ্চ ১০০০ টাকা জরিমানা, এমনকি ছ'মাস পর্যন্ত কারাদণ্ডের বিধানও রয়েছে। যাত্রীদের স্বস্তি দিতে এই মর্মে কড়া নির্দেশিকা জারি করেছে পূর্ব রেল। রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বহু যাত্রী। একইসঙ্গে কলকাতা মেট্রো-সহ রাজ্যের অন্যান্য গণপরিবহণেও এমন নিয়ম চালুর দাবি উঠতে শুরু করেছে।

দীর্ঘদিন ধরেই লোকাল ও দূরপাল্লার ট্রেনে মোবাইল ফোনে উচ্চস্বরে গান বাজানো, ভিডিয়ো দেখা কিংবা জোরে কথা বলার অভিযোগ উঠছিল। বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় এই ধরনের আচরণে অন্য যাত্রীদের সমস্যায় পড়তে হয়। পূর্ব রেলের কাছে একাধিকবার এমন অভিযোগ জমা পড়ার পরেই বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে রেল কর্তৃপক্ষ। হাওড়া, শিয়ালদা, আসানসোল ও মালদা ডিভিশনের সমস্ত স্টেশনে এই নির্দেশিকা কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানানো হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, ট্রেনের কামরা কিংবা স্টেশন চত্বরে কেউ উচ্চস্বরে মোবাইলে গান বাজালে, ভিডিয়ো দেখলে অথবা এমনভাবে কথা বললে যাতে অন্য যাত্রীদের অসুবিধা হয়, সেক্ষেত্রে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া যাবে। উপদ্রবের পর্যায়ে পৌঁছালে রেল আইনের ১৪৫ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। টিকিট পরীক্ষক বা তাঁর ঊর্ধ্বতন আধিকারিকেরা অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।

শুধু শাস্তিমূলক ব্যবস্থাই নয়, যাত্রীদের আগাম সতর্ক করতেও বিশেষ উদ্যোগ নিচ্ছে পূর্ব রেল। কামরায় নোটিস বা স্টিকার লাগানোর পাশাপাশি স্টেশনগুলিতে মাইকে বারবার ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলা-সহ আঞ্চলিক ভাষা, হিন্দি ও ইংরেজিতে যাত্রীদের মোবাইলের রিংটোন কমিয়ে রাখা এবং প্রয়োজনে ফোন সাইলেন্ট মোডে রাখার পরামর্শ দেওয়া হবে।

প্রসঙ্গত, গত মাসেই একই ধরনের পদক্ষেপের কথা জানিয়েছিল দক্ষিণ রেল। এবার সেই পথেই হাঁটল পূর্ব রেল। তবে যাত্রীদের একাংশের দাবি, শুধু ট্রেনেই নয়, কলকাতা মেট্রো এবং বাসের মতো অন্যান্য গণপরিবহণেও এমন নিয়ম চালু করা প্রয়োজন।

যাত্রীদের অভিযোগ, ভিড় মেট্রোয় প্রায়ই যাত্রীদের একাংশ মোবাইলে উচ্চস্বরে রিলস দেখেন। প্রতিবাদ করেও লাভ হয় না। যদিও কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাজ্য পরিবহণ দফতরও আপাতত এমন কোনও পরিকল্পনা করছে না।

ফলে আপাতত পূর্ব রেলের এই উদ্যোগের দিকেই তাকিয়ে যাত্রীরা। তাঁদের আশা, এই নিয়ম কার্যকর হলে গণপরিবহণে অযাচিত শব্দদূষণ অনেকটাই কমবে এবং সহযাত্রীদের প্রতি ন্যূনতম সৌজন্যবোধও বাড়বে।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন