সমকালীন প্রতিবেদন : অবশেষে দুর্যোগের মেঘ কাটিয়ে রাজ্যজুড়ে ফিরেছে শুষ্ক ও মনোরম আবহাওয়া। আকাশ পরিষ্কার থাকায় ধীরে ধীরে নামতে শুরু করেছে রাতের তাপমাত্রা। সকাল ও সন্ধ্যায় ইতিমধ্যেই হালকা ঠান্ডার অনুভূতি মিলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতাতেও বদলেছে আবহাওয়ার মেজাজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী অন্তত পাঁচ দিন রাজ্যের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে আপাতত স্বস্তির আবহাওয়া বজায় থাকবে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের পারদ ক্রমশ নিম্নমুখী হবে। আগামী কয়েক দিনে রাজ্যের সর্বত্র শীতের আমেজ আরও বাড়বে বলেই মনে করছেন আবহবিদরা।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার থেকে রাজ্যের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী শুক্রবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। কলকাতায় রাতের তাপমাত্রা নেমে আসতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ফলে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান-সহ পশ্চিমের জেলাগুলিতে শীতের অনুভূতি তুলনামূলক বেশি থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়াতেও আপাতত বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। সকালে কয়েকটি জেলায় হালকা কুয়াশা কিংবা ধোঁয়াশা দেখা যেতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমতে থাকায় অস্বস্তিও অনেকটাই কমবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের দিকে ঠান্ডা বাড়বে। বিকেলের পর থেকে উত্তুরে হাওয়া বইতে শুরু করায় সন্ধ্যা এবং রাতের পরিবেশ আরও মনোরম হয়ে উঠবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
উত্তরবঙ্গেও ধীরে ধীরে জাঁকিয়ে বসতে শুরু করেছে শীত। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ইতিমধ্যেই রাতের তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। আকাশ মূলত পরিষ্কার থাকার পাশাপাশি শুক্রবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে।
তবে এই মনোরম আবহাওয়া কত দিন স্থায়ী হবে, তা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে সংশয়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুকূল পরিস্থিতি পেলে ডিসেম্বরের প্রথম দিকে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘কানি’। এই নাম দিয়েছে মালদ্বীপ।
মালদ্বীপের স্থানীয় ভাষায় ‘কানি’ শব্দের অর্থ সুন্দরী তরুণী বা কন্যা। যদিও নিম্নচাপের গতিপ্রকৃতি এবং সেটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। ফলে আপাতত রাজ্যবাসীর নজর বঙ্গোপসাগরের আবহাওয়ার গতিবিধির দিকেই। তত দিন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া এবং শীতের আমেজ উপভোগ করার সুযোগ থাকছে।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন