সমকালীন প্রতিবেদন : ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য সূচি তৈরি করল রাজ্য শিক্ষা দফতর। দুই পরীক্ষার রুটিন চূড়ান্ত করার পর তা অনুমোদনের জন্য নবান্নে পাঠানো হয়েছে বিকাশ ভবনের তরফে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী বছরের ২ মার্চ থেকে শুরু হতে পারে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার সম্ভাব্য দিন ১৬ মার্চ। অন্যদিকে, মাধ্যমিক শেষ হওয়ার দু’দিন পর অর্থাৎ ১৯ মার্চ থেকে শুরু হতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ১২ এপ্রিল পর্যন্ত। তবে এই সূচি এখনও চূড়ান্ত নয়। নবান্নের অনুমোদন পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে।
মূলত ২০২৭ সালের জনগণনার কাজের কথা মাথায় রেখেই মাধ্যমিক পরীক্ষার সূচিতে এই পরিবর্তনের ভাবনা। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হবে জনগণনার দ্বিতীয় পর্যায়ের কাজ। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মূল প্রক্রিয়া। এরপর সংশোধন-সহ অন্যান্য কাজ মিলিয়ে ৫ মার্চ পর্যন্ত জনগণনা সংক্রান্ত কাজ চলার কথা। ফলে মাধ্যমিক পরীক্ষার সঙ্গে জনগণনার কাজের সময়সূচি মিলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই কারণেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
উল্লেখ্য, গত জুলাই মাসে মধ্যশিক্ষা পর্ষদের তরফে ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার সম্ভাব্য দিন ঘোষণা করা হয়েছিল। কিন্তু জনগণনার কারণে সেই সূচিতে প্রায় ১৫ দিনের পরিবর্তন আসতে চলেছে। নতুন প্রস্তাবিত সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হতে পারে ২ মার্চ। পরীক্ষার সময় সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত রাখার পরিকল্পনা রয়েছে। যদিও এ বিষয়ে এখনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি।
এদিকে মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচিতেও পরিবর্তন আনা হচ্ছে। মাধ্যমিকের আগে কোনওভাবেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে না বলে আগেই স্পষ্ট করেছিলেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মণ। সেই অনুযায়ী, মাধ্যমিক শেষ হওয়ার পর ১৯ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক শুরু করার প্রস্তাব তৈরি হয়েছে। পরীক্ষা চলতে পারে ১২ এপ্রিল পর্যন্ত।
বিশেষভাবে সর্বভারতীয় স্তরের বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার বিষয়টিও মাথায় রাখা হয়েছে উচ্চ মাধ্যমিকের রুটিন তৈরির সময়। পরীক্ষার্থীরা যাতে সর্বভারতীয় স্তরের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিতে বসার সুযোগ থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই উচ্চ মাধ্যমিকের মাঝে টানা সাত দিনের বিরতি রাখার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে একদিকে যেমন পরীক্ষার্থীরা প্রস্তুতির অতিরিক্ত সময় পাবেন, তেমনই প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রেও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
স্কুলশিক্ষামন্ত্রী আগেই জানিয়েছিলেন, দিল্লির সেনসাস বোর্ডের তরফে জনগণনার কাজ নিয়ে বিজ্ঞপ্তি আসার পরেই পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাসের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আপাতত শিক্ষা দফতরের তৈরি প্রস্তাবিত সূচি নবান্নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। ফলে ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ নিয়ে পরীক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকমহলের নজর এখন রাজ্য সরকারের পরবর্তী ঘোষণার দিকে।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন