সমকালীন প্রতিবেদন : বিএমএস নেতা রাজীব গোস্বামী-সহ ভারতীয় মজদুর সংঘের একাধিক কর্মীকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে পথে নামল সংগঠন। এই অভিযোগের প্রতিবাদে বনগাঁয় প্রতিবাদ মিছিল করল ভারতীয় মজদুর সংঘের সদস্য ও কর্মীরা। বৃহস্পতিবার বনগাঁর নীলদর্পণ প্রেক্ষাগৃহের সামনে থেকে মিছিলের সূচনা হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলটি শেষ হয় বনগাঁ রামনগর রোডের মুখে।
মিছিলটি নীলদর্পণ থেকে শুরু হয়ে মতিগঞ্জের দিকে এগিয়ে যায়। এরপর বাটার মোড় ঘুরে বনগাঁ রামনগর রোডের মুখে পৌঁছায় প্রতিবাদ মিছিল। মিছিলে অংশগ্রহণকারী সংগঠনের কর্মী-সমর্থকদের মুখে ছিল রাজীব গোস্বামী-সহ অন্যান্য কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান। তাঁদের দাবি, সংগঠনের নেতা ও কর্মীদের বিরুদ্ধে যে ধরনের আইনি পদক্ষেপ করা হচ্ছে, তার পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র।
ভারতীয় মজদুর সংঘের বনগাঁ শহরের সাংগঠনিক সম্পাদক রাজর্ষি বিশ্বাসের অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তির মদতে রাজীব গোস্বামী-সহ সংগঠনের একাধিক কর্মীকে পরিকল্পিতভাবে নিশানা করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে ফাঁসানোর চেষ্টা চলছে বলেও দাবি আন্দোলনকারীদের। সংগঠনের বক্তব্য, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি এবং প্রভাব খাটিয়ে কর্মীদের হেনস্তা করার উদ্দেশ্যেই এই ধরনের চক্রান্ত করা হচ্ছে।
এই ঘটনার প্রতিবাদ জানাতেই এদিন পথে নামেন ভারতীয় মজদুর সংঘের সদস্যরা। সংগঠনের কর্মীদের দাবি, মিথ্যা অভিযোগ ও মামলার মাধ্যমে তাঁদের আন্দোলন বা সাংগঠনিক কার্যকলাপকে দমিয়ে রাখা যাবে না। রাজীব গোস্বামী-সহ যাঁদের বিরুদ্ধে চক্রান্ত করে মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ, তাঁদের ন্যায়বিচারের দাবিতেই এই প্রতিবাদ কর্মসূচি।
এদিনের মিছিলের মধ্য দিয়ে সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, কর্মীদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দায়ের বা তাঁদের হেনস্তা করার অভিযোগ কোনওভাবেই মেনে নেওয়া হবে না। অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত সত্য সামনে আনার দাবিতেই বনগাঁর রাজপথে এই প্রতিবাদ কর্মসূচি পালন করল ভারতীয় মজদুর সংঘ।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন