সমকালীন প্রতিবেদন : গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রীকে পাশবিক নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনায় শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়িয়ে প্রশাসনিক স্তরে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হলো। বুধবার রাজ্য সরকারের ঘোষিত সহায়তার অংশ হিসেবে নিহত নাবালিকার পরিবারের হাতে ১০ লক্ষ টাকার চেক তুলে দেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
জানা গেছে, এদিন প্রশাসনিক আধিকারিকদের একটি প্রতিনিধিদল নিহতের বাড়িতে পৌঁছান। সান্ত্বনা জানানোর পাশাপাশি সেখানে বনগাঁর মহকুমা শাসক এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে নিহত ছাত্রীর বাবার হাতে তুলে দেওয়া হয় ১০ লক্ষ টাকার রাজ্য সরকারের আর্থিক সাহায্যের চেক।
স্বজনহারা পরিবারটির ক্ষোভ ও দুঃখের আবহেই, এদিন কেন্দ্রীয় মন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত ছাত্রীর মা। পরিবারের ভবিষ্যৎ ও নিরাপত্তার কথা তুলে ধরে তিনি তাঁর ছেলের (নিহত ছাত্রীর ভাই) জন্য একটি সরকারি চাকরির দাবি জানান।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, "একটি তরতাজা প্রাণ হারিয়েছে, সেই মেয়েটিকে তো আর আমরা ফিরিয়ে দিতে পারব না। তবে এই কঠিন সময়ে পরিবারটি যাতে আর্থিক সংকটে না পড়ে, তার জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্য সরকারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকার এই চেকটি তাঁদের হাতে তুলে দেওয়া হলো।"

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন