Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

বিমানের ধাঁচে বন্দে ভারতেও খাবারের মেনুতে কাটছাঁট! গুণমান বাড়াতে নয়া উদ্যোগ রেলের

 

Food-on-Vande-Bharat

সমকালীন প্রতিবেদন : বন্দে ভারত স্লিপার ট্রেনে এবার খাবারের অভিজ্ঞতায় আসতে চলেছে বড়সড় পরিবর্তন। বিমানে যাত্রীদের যেভাবে নির্দিষ্ট মেনু অনুযায়ী খাবার পরিবেশন করা হয়, সেই ধাঁচেই দূরপাল্লার ট্রেনে খাবার দেওয়ার পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। খাবারের পদের সংখ্যা কমিয়ে তার গুণমান, স্বাদ এবং পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দিতে চাইছে রেল কর্তৃপক্ষ। সেই লক্ষ্যেই পরীক্ষামূলকভাবে দেশের তিনটি বন্দে ভারত স্লিপার ট্রেনে চালু হয়েছে নতুন ‘কমপ্যাক্ট মেনু’ ব্যবস্থা। এই উদ্যোগ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)।

রেল সূত্রে খবর, আপাতত মুম্বই-বেঙ্গালুরু, হাওড়া-কামাখ্যা এবং নয়াদিল্লি-বারাণসী– এই তিনটি রুটে নতুন খাবারের তালিকা কার্যকর করা হয়েছে। দীর্ঘদিন ধরেই দূরপাল্লার ট্রেনে খাবারের গুণমান, পরিবেশনের পদ্ধতি এবং পরিচ্ছন্নতা নিয়ে যাত্রীদের একাংশের অভিযোগ রয়েছে। সেই সমস্যার সমাধান করতেই এবার প্রচলিত ক্যাটারিং ব্যবস্থায় বদল আনার চেষ্টা করছে রেল। নতুন পরিকল্পনায় খাবার তৈরির দায়িত্ব দেওয়া হচ্ছে বড় বড় ক্লাউড কিচেন এবং অভিজ্ঞ খাদ্য সরবরাহকারী সংস্থাগুলিকে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই প্রকল্পে মেফেয়ার গ্রুপ, তাজস্যাটস এবং সরোবর পোর্টিকো গ্রুপের মতো সংস্থার সঙ্গে কাজ করছে আইআরসিটিসি। বিমান সংস্থা এবং নামী হোটেলগুলিতে খাবার সরবরাহের অভিজ্ঞতা রয়েছে এমন কিছু ক্লাউড কিচেনকেও এই কাজে যুক্ত করা হয়েছে। খাবার তৈরি থেকে শুরু করে প্যাকেজিং এবং ট্রেনে পৌঁছে দেওয়া– প্রতিটি পর্যায়ে নির্দিষ্ট মান বজায় রাখার উপর জোর দেওয়া হচ্ছে।

নতুন মেনুতে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের পদসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। মুম্বই-বেঙ্গালুরু রুটের বন্দে ভারত স্লিপার ট্রেনে সকালের খাবারে পাওয়া যাবে চাটনি ও সম্বর সহযোগে ইডলি-বড়া। বিকল্প হিসেবে থাকবে পোহা অথবা উপমা। অন্যদিকে, দুপুর ও রাতের খাবারে থাকবে রুটি, ভাত, ডাল এবং একটি মূল পদ। যাত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী চিকেন কিংবা নিরামিষ খাবার বেছে নিতে পারবেন।

আগের মেনুতে সকালের খাবারের সঙ্গে স্যুপ, ডিমের অমলেট, স্যান্ডউইচ, বাটারমিল্ক ও চকোলেট দেওয়া হত। নতুন ব্যবস্থায় সেগুলি বাদ পড়েছে। একইভাবে দুপুর ও রাতের খাবার থেকে বাদ দেওয়া হয়েছে অতিরিক্ত শুকনো সবজি, দই, স্যালাড, আচার এবং মিষ্টি।

পদের সংখ্যা কমার কারণে প্রতিটি মিলের মোট ওজনও আগের ৭০০-৭৫০ গ্রাম থেকে কমে ৪৫০-৫০০ গ্রামে দাঁড়িয়েছে। তবে আইআরসিটিসি কর্তৃপক্ষের দাবি, খাবারের প্রতিটি পদের নির্ধারিত পরিমাণ অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ, খাবারের বৈচিত্র্য কমলেও মূল পদগুলির পরিমাণ কমানো হয়নি।

আইআরসিটিসি-র ওয়েস্ট জোনের গ্রুপ জেনারেল ম্যানেজারের দাবি, নতুন ব্যবস্থায় ক্লাউড কিচেনের মাধ্যমে খাবার সরবরাহ শুরু হওয়ার পর থেকে খাবারের মান নিয়ে যাত্রীদের অভিযোগ প্রায় ১০ শতাংশ কমেছে। পরীক্ষামূলক এই উদ্যোগ সফল হলে আগামী দিনে অন্যান্য প্রিমিয়াম ট্রেন এবং দূরপাল্লার একাধিক ট্রেনেও একই ব্যবস্থা চালু করার পরিকল্পনা করতে পারে রেল। এখন দেখার, খাবারের পদ কমিয়ে গুণমান বাড়ানোর এই উদ্যোগে কতটা সন্তুষ্ট হন যাত্রীরা।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন