সমকালীন প্রতিবেদন : একসঙ্গে তিন মাসের বিদ্যুতের বিল মেটানোর ঝক্কি থেকে এবার মুক্তি পেতে চলেছেন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থার (WBSEDCL) গ্রাহকরা। ত্রৈমাসিক বিলের পরিবর্তে এবার থেকে প্রতি মাসেই বিদ্যুতের বিল পাঠানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে নতুন নিয়ম কার্যকর হবে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর ঘোষণা অনুযায়ী, প্রতি মাসে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গ্রাহকদের বাড়িতে গিয়ে মিটারের রিডিং নেবেন। সেই হিসাব অনুযায়ী সংশ্লিষ্ট মাসের বিদ্যুতের বিলও পাঠিয়ে দেওয়া হবে।
এতদিন WBSEDCL-এর অধীনস্থ এলাকার গ্রাহকদের তিন মাস অন্তর বিদ্যুতের বিল জমা দিতে হত। অন্যদিকে, কলকাতা ও সংলগ্ন এলাকার CESC গ্রাহকরা প্রতি মাসেই বিদ্যুতের বিল পান। এই দুই ব্যবস্থার মধ্যে পার্থক্য নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছিল। বিশেষ করে একসঙ্গে তিন মাসের বিল জমা দিতে গিয়ে আর্থিক সমস্যার মুখে পড়তে হত বহু পরিবারকে। অনেক গ্রাহকই ত্রৈমাসিক বিলের পরিবর্তে মাসিক বিল চালুর দাবি জানিয়েছিলেন। এবার সেই দাবিতেই সায় দিল রাজ্য সরকার।
সোমবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার আওতাধীন বহু গ্রাহক একসঙ্গে তিন মাসের বিল মেটাতে অসুবিধার কথা সরকারকে জানিয়েছেন। তাঁদের সমস্যার কথা বিবেচনা করেই মাসিক বিলের ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। ফলে গ্রাহকদের আর তিন মাসের বিদ্যুতের খরচ একসঙ্গে মেটানোর চাপ নিতে হবে না। প্রতি মাসের ব্যবহার অনুযায়ী বিল জমা দেওয়ার সুযোগ পাবেন তাঁরা।
উল্লেখ্য, প্রায় সাত দশক ধরে রাজ্যে ত্রৈমাসিক বিদ্যুৎ বিলের ব্যবস্থা চালু রয়েছে। জানা গেছে, ১৯৫৫ সাল থেকে এই পদ্ধতিতে গ্রাহকদের বিল পাঠানো হয়ে আসছে। পরবর্তীকালে ২০২১ সালে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই ব্যবস্থার পরিবর্তন করে মাসিক বিল চালুর উদ্যোগ নিয়েছিল। বিষয়টি নিয়ে আলোচনা ও পরিকল্পনাও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এবার রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন করে সেই উদ্যোগ কার্যকর করার পথে হাঁটল সরকার।
সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি। সংগঠনের রাজ্য সভাপতি সুব্রত বিশ্বাসের মতে, মাসিক বিল চালু হলে গ্রাহকদের আর্থিক সুবিধা হবে। তাঁর বক্তব্য, ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে গভর্নমেন্ট ডিউটিতে ১০ শতাংশ ছাড় এবং ভর্তুকির সুবিধা রয়েছে। কিন্তু তিন মাসের বিল একসঙ্গে জমা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় গ্রাহকরা সেই সুবিধা সম্পূর্ণভাবে পান না বলে অভিযোগ। মাসিক বিল চালু হলে এই সুবিধাগুলি যথাযথভাবে পাওয়ার সম্ভাবনা বাড়বে।
২০২৭ সালের জানুয়ারি থেকে WBSEDCL-এর বিলিং ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। মাসিক বিল চালু হলে একদিকে যেমন গ্রাহকদের উপর এককালীন আর্থিক চাপ কমবে, অন্যদিকে বিদ্যুৎ খরচের হিসাব রাখাও সহজ হবে। এখন দেখার, নতুন এই ব্যবস্থা কার্যকর করতে বিদ্যুৎ দপ্তর কী ধরনের প্রস্তুতি নেয়।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন