সমকালীন প্রতিবেদন : খসড়া ভোটার তালিকায় নাম নেই। অথচ আপনি জীবিত, ঠিকানাও বদলাননি, এমনকি আগের নির্বাচনগুলিতে ভোটও দিয়েছেন। তা হলে কি নতুন করে ভোটার হওয়ার আবেদন করতে হবে? না, এমন পরিস্থিতিতে পুরনো ভোটারদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বিভিন্ন কারণে খসড়া তালিকা থেকে বাদ পড়া যোগ্য ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করতে একাধিক পদক্ষেপের কথা জানাল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে জমা দেওয়া অতিরিক্ত হলফনামায় এই সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেছে কমিশন।
কমিশনের তরফে জানানো হয়েছে, ‘অনুপস্থিত’, ‘স্থানান্তরিত’, ‘মৃত’ কিংবা ‘একাধিকবার নথিভুক্ত’ হিসেবে চিহ্নিত হয়ে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের নাম ফেরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ৬ নভেম্বর সমস্ত সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই বিষয়ে নির্দেশ পাঠানো হয়েছে। কমিশনের বক্তব্য, কোনও যোগ্য ভোটারের নাম যাতে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।
খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটাররা প্রয়োজনীয় নথি-সহ গণনা ফর্ম জমা দিয়ে নিজেদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার আবেদন জানাতে পারবেন। যাঁরা আগের ঠিকানাতেই বসবাস করছেন, তাঁদের ক্ষেত্রে কেন নির্ধারিত সময়ে গণনা ফর্ম জমা দেওয়া সম্ভব হয়নি, তা উল্লেখ করে একটি বিবৃতি জমা দিতে হবে। বুথস্তরের আধিকারিক, নির্বাচনী নিবন্ধন আধিকারিক কিংবা সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিকের কাছে সরাসরি অথবা পরিবারের কোনও সদস্যের মাধ্যমে নথি জমা দেওয়া যাবে। পাশাপাশি ই-স্বাক্ষরের সাহায্যে অনলাইনে আবেদন করার সুযোগও থাকছে।
একই রাজ্যের মধ্যে ঠিকানা পরিবর্তন করেছেন, এমন ভোটারদের জন্যও স্বস্তির খবর দিয়েছে কমিশন। তাঁদের নতুন করে আট নম্বর ফর্ম জমা দেওয়ার প্রয়োজন নেই। নতুন ঠিকানা, বিধানসভা কেন্দ্রের নাম এবং ঠিকানার প্রমাণ-সহ নির্দিষ্ট আবেদন জমা দিলেই চলবে। প্রয়োজনে বুথস্তরের আধিকারিকের সঙ্গে ফোনে যোগাযোগের ব্যবস্থাও রাখা হয়েছে।
কমিশন আরও জানিয়েছে, বুথভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা নতুন করে প্রকাশ করতে হবে। সেখানে নাম বাদ যাওয়ার সম্ভাব্য কারণও উল্লেখ থাকবে। ভুলবশত বাদ পড়া নাম ১৯৬০ সালের নির্বাচনী নিবন্ধন বিধির ২১(১) ধারা অনুযায়ী পুনরায় অন্তর্ভুক্ত করা হবে। সংশ্লিষ্ট ভোটারদের পুরনো ভোটার পরিচয়পত্র নম্বরও ফিরিয়ে দেওয়া হবে।
এদিকে, আগে থেকেই ভোটার হিসেবে নথিভুক্ত কেউ খসড়া তালিকা থেকে বাদ পড়লেও যদি নতুন ভোটার হওয়ার জন্য ছয় নম্বর ফর্ম জমা দিয়ে থাকেন, তাঁকে ফের গণনা ফর্ম জমা দিতে হবে না। এই বিষয়টি নিয়েই সুপ্রিম কোর্টে আপত্তি জানিয়েছিলেন আবেদনকারীরা। তাঁদের আশঙ্কা ছিল, পুরনো ভোটারদের নতুন করে আবেদন করতে বাধ্য করা হলে ভুল ঘোষণার কারণে আইনি জটিলতা তৈরি হতে পারে।
অন্যদিকে, নির্বাচন কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের কাজকর্মের উপর নজরদারির দায়িত্বও নতুন করে বণ্টন করা হয়েছে। ৪ নভেম্বরের নির্দেশ অনুযায়ী, এক প্রবীণ উপনির্বাচন কমিশনারের মাধ্যমে ওই বিভাগের ফাইল কমিশনের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তথ্যপ্রযুক্তি বিভাগের ভূমিকা এবং কেন্দ্রীয় সফটওয়্যারের প্রভাবে মাঠপর্যায়ের আধিকারিকদের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বিতর্কের মধ্যেই এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন