Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শুক্রবার গোপালপুরের কাছে আছড়ে পড়তে পারে ‘আকভান’, ১০০ কিমি বেগে স্থলভাগে প্রবেশের আশঙ্কা!

 

Cyclone-Akvan

সমকালীন প্রতিবেদন : ক্রমশ শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’। আগামীকাল, শুক্রবার দুপুরের আগেই উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা না থাকলেও এর প্রভাবে দুর্যোগপূর্ণ হয়ে উঠতে পারে বাংলার আবহাওয়া। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আগামী দু’দিন ভারী বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের বৃহস্পতিবার বিকেলের বুলেটিন অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে প্রবল ঘূর্ণিঝড় আকভান। গত কয়েক ঘণ্টায় উত্তর দিকে অগ্রসর হয়েছে সেটি। বর্তমানে ঘূর্ণিঝড়টির এগোনোর গতি ঘণ্টায় মাত্র ৩ কিলোমিটার। আগামী শুক্রবার দুপুরের মধ্যে নরসাপুর ও পুরীর মাঝামাঝি, গোপালপুরের কাছাকাছি উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। স্থলভাগে প্রবেশের পর ধীরে ধীরে শক্তি হারাবে ঝড়টি। তবে ঝড়ের গতিবেগ কম হলেও বিপদের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আবহবিদরা।

বিশেষজ্ঞদের মতে, ধীর গতিতে এগোনো ঘূর্ণিঝড়ের কারণে কোনও নির্দিষ্ট এলাকায় দীর্ঘক্ষণ বৃষ্টির মেঘ আটকে থাকতে পারে। ফলে একটানা প্রবল বৃষ্টি থেকে বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। ২০২১ সালে ‘জার্নাল অফ হাইড্রোমেটিওরোলজি’-তে প্রকাশিত একটি গবেষণায় ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে আছড়ে পড়া ২৮০টি ঘূর্ণিঝড় বিশ্লেষণ করা হয়েছিল। সেখানে দেখা যায়, ধীরগতির ঘূর্ণিঝড়ের প্রভাবে সংশ্লিষ্ট এলাকায় বেশি সময় ধরে বৃষ্টি হয়। ফলে নদীর জলস্তর বৃদ্ধি এবং বন্যার আশঙ্কাও বেড়ে যায়। গবেষকদের মতে, বন্যার তীব্রতা নির্ধারণে বৃষ্টির পরিমাণের পাশাপাশি ঝড়ের শক্তি, মাটির আর্দ্রতা এবং ভূমির ঢালও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

এদিকে বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া এবং হুগলি সহ অন্যান্য জেলায় বৃষ্টি হচ্ছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। কিছু এলাকায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ঘন ঘন বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

শুক্রবারও পরিস্থিতির বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা ও হাওড়াতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। রবিবারও বৃষ্টির রেশ বজায় থাকবে। সোমবার উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝোড়ো হাওয়ার দাপট কমবে।

উত্তরবঙ্গেও আকভানের প্রভাব পড়তে পারে। শুক্রবার মালদা ও দক্ষিণ দিনাজপুরের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। শনিবার মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ২৫-৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে সোমবার বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে উত্তরবঙ্গের সমতল ও ডুয়ার্স এলাকায় তাপমাত্রাও কমতে পারে।

আবহবিদদের আরও একটি উদ্বেগের বিষয় হল, বঙ্গোপসাগরে পরপর তিনটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি। এর আগে ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশ-ইয়ানাম উপকূলের নরসাপুরে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। এরপর ৩ নভেম্বর দক্ষিণ অন্ধ্রপ্রদেশের ওঙ্গোলের কাছে আঘাত হানে ‘মুরাসু’। এবার ধেয়ে আসছে আকভান। সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ থাকে। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি এবং এল-নিনোর প্রভাবকেও এই পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। 

বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)-র তথ্য অনুযায়ী, অগস্ট থেকে এল-নিনোর প্রভাব বৃদ্ধি পেয়েছে এবং ডিসেম্বরে তা চরমে পৌঁছাতে পারে। তবে দুর্যোগের এই পর্ব দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস। মঙ্গলবার থেকে রাজ্যের আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতি হতে পারে। বৃষ্টির দাপট কমার পাশাপাশি বুধবার রাত থেকে সর্বনিম্ন তাপমাত্রা নামতে শুরু করতে পারে। অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেই ফের বাংলায় ফিরতে পারে শীতের আমেজ।‌




‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন