Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সীমান্ত দিয়ে ফের গরুপাচারের অভিযোগ, যশোর রোড অবরোধ করে বিক্ষোভ হিন্দু জাগরণ মঞ্চের

 

Cattle-smuggling

সমকালীন প্রতিবেদন : সীমান্তবর্তী এলাকায় ফের গরুপাচারের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল গাইঘাটা এলাকায়। গরুপাচার বন্ধ এবং গো-রক্ষার দাবিতে চাঁদপাড়ায় যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। তাঁদের অভিযোগ, গাইঘাটা থানার বিভিন্ন এলাকা দিয়ে রাতের অন্ধকারে ছোট ছোট গাড়িতে করে দ্রুতগতিতে গরু পাচার করা হচ্ছে। এই পাচার চক্রের সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবিও তুলেছেন তাঁরা।

বিক্ষোভকারীদের বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন গো-রক্ষা এবং গবাদি পশুর সুরক্ষার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন, তখন সীমান্তবর্তী এলাকায় কীভাবে গরুপাচারের ঘটনা ঘটছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরেই গাইঘাটার বিভিন্ন পথ ব্যবহার করে রাতের অন্ধকারে গরু নিয়ে যাতায়াত করছে বেশ কিছু ছোট গাড়ি। বেপরোয়া গতিতে সেই গাড়িগুলি চলাচল করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের।

এই পরিস্থিতিতে গরুপাচারের অভিযোগের যথাযথ তদন্ত, পাচার চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করা এবং গো-রক্ষার দাবিতে পথে নামেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। চাঁদপাড়ায় যশোর রোডের উপর অবরোধ করে তাঁরা প্রতিবাদ জানান। এর জেরে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। রাস্তার দু'পাশে যানবাহনের চাপও তৈরি হয়।

আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, গরুপাচার বন্ধে প্রশাসনকে দ্রুত কার্যকরী পদক্ষেপ করতে হবে। শুধু অভিযোগের ভিত্তিতে নয়, এই ঘটনার পিছনে থাকা গোটা চক্রের হদিশ বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের হুঁশিয়ারি, অবিলম্বে পাচার বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।

প্রায় আধঘণ্টা ধরে অবরোধ চলার পর সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধার কথা বিবেচনা করে আন্দোলনকারীরা নিজেরাই অবরোধ তুলে নেন। তবে গরুপাচারের অভিযোগের তদন্ত এবং গো-রক্ষার দাবিতে নিজেদের অবস্থানে অনড় রয়েছেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন