Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

অচেনা নম্বর থেকে ফোন এলেই জানা যাবে নাম, চালু হচ্ছে নতুন পরিষেবা

 

Unknown-number

সমকালীন প্রতিবেদন : ‌অচেনা নম্বর থেকে বারবার ফোন আসা কিংবা স্প্যাম কলের কারণে বিরক্ত হন অনেকেই। কখনও গুরুত্বপূর্ণ ফোন ধরতে দেরি হয়, আবার কখনও প্রতারণামূলক কলের ফাঁদে পড়ার আশঙ্কাও থাকে। এই সমস্যা কমাতে নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী ১ নভেম্বর থেকে দেশজুড়ে চালু হওয়ার কথা কলিং নেম প্রেজেন্টেশন পরিষেবার। 

নতুন এই ব্যবস্থার ফলে মোবাইলে ফোন আসার সময় নম্বরের পাশাপাশি কলারের নামও দেখতে পাবেন গ্রাহকরা। কেন্দ্রীয় টেলিযোগাযোগ দফতরইতিমধ্যেই টেলিকম সংস্থাগুলিকে এই পরিষেবা চালুর নির্দেশ দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ৪জি ও ৫জি নেটওয়ার্কে পরিষেবাটি ডিফল্ট ভাবে চালু করা হবে।

CNAP-এর মাধ্যমে কলারের নাম দেখানো হবে টেলিকম সংস্থার গ্রাহক নথিতে থাকা তথ্যের ভিত্তিতে। অর্থাৎ, কোনও নম্বর ফোনের কন্ট্যাক্ট লিস্টে সেভ করা না থাকলেও সেই নম্বর থেকে ফোন এলে সংশ্লিষ্ট গ্রাহকের নথিভুক্ত নাম স্ক্রিনে দেখা যেতে পারে।

ফোন এলে প্রথমে কলারের নম্বর এবং তার নীচে নাম দেখানো হবে। তবে নম্বরটি আগে থেকে সেভ করা থাকলে ফোনে সংরক্ষিত নামই দেখা যাবে। বিদেশ থেকে আসা কলের ক্ষেত্রে ‘International Call’ লেখা দেখানোর ব্যবস্থাও থাকবে।

কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য অচেনা নম্বর শনাক্ত করা সহজ করা এবং প্রতারণামূলক ফোন সম্পর্কে গ্রাহকদের সতর্ক করা। কলারের নাম দেখতে পেলে ফোনটি ধরা উচিত কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। স্প্যাম কল শনাক্ত করার ক্ষেত্রেও এই পরিষেবা সহায়ক হতে পারে।

তবে CNAP চালু হলেই যে সমস্ত প্রতারণামূলক কল বন্ধ হয়ে যাবে, এমনটা নয়। তাই ফোনে পরিচিত কোনও নাম দেখা গেলেও সতর্ক থাকা জরুরি। অপরিচিত কাউকে ওটিপি, ব্যাঙ্কের পিন বা গোপন তথ্য জানানো উচিত নয়। ব্যবসায়িক কাজে ব্যবহৃত নম্বরের ক্ষেত্রে সংস্থাগুলি নিজেদের পছন্দের নাম দেখানোর সুযোগ পেতে পারে। তবে সেই নাম ট্রেডমার্ক রেজিস্ট্রি পোর্টালে নথিভুক্ত থাকতে হবে।

বর্তমানে অচেনা নম্বর চেনার জন্য অনেকেই Truecaller বা Google Phone-এর মতো অ্যাপ ব্যবহার করেন। আইফোনেও অপরিচিত কল নিয়ন্ত্রণের বিশেষ সুবিধা রয়েছে। কিন্তু সব ফোনে এই সুবিধা পাওয়া যায় না। CNAP চালু হলে আলাদা অ্যাপের উপর নির্ভরতা কমতে পারে।

অন্য দিকে, ২জি, ৩জি নেটওয়ার্ক এবং ল্যান্ডলাইন পরিষেবায় CNAP চালু করা হবে কি না, তা এখনও বিবেচনাধীন। অচেনা নম্বর থেকে আসা ফোনের পরিচয় জানার ক্ষেত্রে এই পরিষেবা গ্রাহকদের সুবিধা বাড়াতে পারে। তবে প্রতারণা রুখতে প্রযুক্তির পাশাপাশি সচেতনতাও জরুরি।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন