সমকালীন প্রতিবেদন : ব্যস্ততার চাপে অনেক সময় গুরুত্বপূর্ণ কাজের কথা ভুলে যান অনেকে। কখনও প্রিয়জনের জন্মদিনে রাত ১২টায় শুভেচ্ছা জানানো হয় না, আবার কখনও জরুরি মেসেজ পাঠাতে দেরি হয়ে যায়। এই সমস্যা দূর করতে নতুন ফিচার আনতে চলেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এই সুবিধা চালু হলে আগে থেকেই মেসেজ লিখে তা পাঠানোর নির্দিষ্ট সময় ঠিক করে রাখা যাবে। নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে সেই বার্তা।
শুধু টেক্সট নয়, ছবি, ভিডিয়ো ও লিঙ্ক পাঠানোর ক্ষেত্রেও মিলতে পারে এই সুবিধা। বিভিন্ন প্রযুক্তি সংক্রান্ত রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৬.৪০.৭-এ এই ফিচার পরীক্ষা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত সমস্ত ব্যবহারকারীর জন্য এটি চালু হয়নি।
রিপোর্ট অনুযায়ী, ফিচারটি চালু হলে প্রথমে যে ব্যক্তিকে মেসেজ পাঠাতে চান, তাঁর চ্যাট খুলতে হবে। এরপর মেসেজ লিখে সেন্ড বাটনটি কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে। ফিচারটি উপলব্ধ থাকলে স্ক্রিনে একটি নতুন উইন্ডো খুলবে। সেখানে মেসেজ পাঠানোর তারিখ ও সময় বেছে নেওয়ার সুযোগ থাকবে। প্রয়োজনমতো সময় নির্ধারণ করলেই শিডিউল করা যাবে বার্তাটি।
জানা যাচ্ছে, বর্তমান সময় থেকে অন্তত ১০ মিনিট পর থেকে আগামী ১৪ দিনের মধ্যে যে কোনও সময়ের জন্য মেসেজ শিডিউল করা যেতে পারে। ফলে জন্মদিনের শুভেচ্ছা থেকে শুরু করে অফিসের জরুরি ঘোষণা, সবই আগাম লিখে রাখা সম্ভব হবে। তবে এই সময়সীমা সম্পর্কে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি সংস্থা। শুধু ব্যক্তিগত চ্যাট নয়, হোয়াটসঅ্যাপের গ্রুপেও মেসেজ শিডিউল করার সুবিধা আসতে পারে।
ফলে নির্দিষ্ট সময়ে বন্ধুদের গ্রুপে খবর দেওয়া কিংবা অফিসের প্রয়োজনীয় ঘোষণা পাঠানো সহজ হবে। ছবি পাঠানোর আগে ড্রয়িং এডিটরের সাহায্যে সম্পাদনা করা এবং ক্যাপশন যোগ করার সুবিধাও থাকতে পারে। রিপোর্টে আরও দাবি করা হয়েছে, শিডিউল করা মেসেজের ক্ষেত্রেও এন্ড-টু-এন্ড এনক্রিপশন বজায় থাকবে। পাশাপাশি নির্ধারিত সময়ের আগে চাইলে মেসেজ মুছে ফেলার সুযোগও পাওয়া যেতে পারে।
কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও বা অ্যাপ বন্ধ থাকলেও নির্ধারিত সময়ে মেসেজ পৌঁছে যাবে। যদিও এই ব্যবস্থা কীভাবে কাজ করবে, তা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি হোয়াটসঅ্যাপ। বর্তমানে মেসেজ শিডিউল করার সুবিধাটি পরীক্ষার পর্যায়ে রয়েছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য কবে এটি চালু হবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি সংস্থা।
পরীক্ষার সময় ফিচারটির নিয়ম ও কার্যপদ্ধতিতে পরিবর্তনও হতে পারে। এই সুবিধা চালু হলে নির্দিষ্ট সময়ে মেসেজ পাঠানোর জন্য আর অপেক্ষা করে থাকতে হবে না ব্যবহারকারীদের। তবে ফিচারটির চূড়ান্ত রূপ এবং প্রকাশের তারিখ জানতে হোয়াটসঅ্যাপের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।










কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন