সমকালীন প্রতিবেদন : দীর্ঘ তিন বছর পর ফের ভারতের মাটিতে ফিরতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। আসন্ন মিনি নিলামের জন্য গোয়াকে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৬ ডিসেম্বর গোয়ার বিলাসবহুল হোটেল আইটিসি গ্র্যান্ড গোয়ায় বসতে পারে নিলামের আসর। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফ্র্যাঞ্চাইজিগুলির সম্মতি পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে খবর।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআইয়ের তরফে ফ্র্যাঞ্চাইজিগুলিকে মোবাইলে বার্তা পাঠিয়ে প্রস্তাবিত দিন ও স্থান সম্পর্কে জানানো হয়েছে। নিলামের প্রস্তুতি যাতে আগেভাগে শুরু করা যায়, সেই কারণেই এই উদ্যোগ। দলগুলির মালিক ও কর্তাদের আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ জানানো হলে গোটা আয়োজনের চূড়ান্ত রূপরেখা স্পষ্ট হবে। আপাতত ১৬ ডিসেম্বরকেই সম্ভাব্য দিন হিসেবে ধরে এগোচ্ছে সংশ্লিষ্ট মহল।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, নিলামের আগের দিন অর্থাৎ ১৫ ডিসেম্বর ফ্র্যাঞ্চাইজিগুলির প্রতিনিধিদের নিয়ে ব্রিফিং হওয়ার কথা। সেখানে নিলাম সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। গোয়ায় যাতায়াত এবং থাকার ব্যবস্থা করতে যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্যই আগাম তথ্য পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত দিন ও স্থান পরিবর্তনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এবারের নিলাম ঘিরে সূচিগত একটি প্রশ্নও সামনে এসেছে। ১৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে ভারত ও শ্রীলঙ্কার এক দিনের আন্তর্জাতিক ম্যাচ হওয়ার কথা। ফলে একই দিনে ক্রিকেটের দুই গুরুত্বপূর্ণ আয়োজন কীভাবে সামলানো হবে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। যদিও এই ম্যাচের সূচি পরিবর্তন হতে পারে, এমন কোনও নিশ্চিত খবর এখনও সামনে আসেনি। অন্যদিকে, দিল্লির স্টেডিয়ামে সংস্কারকাজের কারণে ১৩ ডিসেম্বরের ম্যাচের ভেন্যু বদলের সম্ভাবনার কথাও আলোচনায় রয়েছে।
২০২৩ সালে শেষবার দেশের মাটিতে আইপিএলের নিলাম হয়েছিল। কোচিতে অনুষ্ঠিত সেই নিলামের পর টানা তিন বছর বিদেশে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান। ২০২৪ সালে দুবাই, ২০২৫ সালে জেড্ডা এবং ২০২৬ সালে আবু ধাবিতে নিলাম অনুষ্ঠিত হয়েছিল। এবার ফের ভারতে নিলাম ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এটি মিনি নিলাম। পরবর্তী মেগা নিলাম বিদেশে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
ভারতে নিলাম আয়োজনের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হল হোটেলের ব্যবস্থা। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে বিয়ের মরশুম চলায় পাঁচতারা হোটেলে পর্যাপ্ত ঘর পাওয়া কঠিন হয়ে পড়ে। আইপিএলের নিলামে ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধি, কর্মকর্তা এবং অন্যান্য অতিথিদের জন্য দু'রাতে অন্তত ১০০টির বেশি ঘরের প্রয়োজন হয়। সেই কারণে উপযুক্ত শহর ও হোটেল বেছে নেওয়া বোর্ডের কাছে গুরুত্বপূর্ণ বিষয়।
এদিকে, নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলির মতামতও জানতে চাইছে বিসিসিআই। আলোচনায় রয়েছে বহুচর্চিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম। এই নিয়ম নিয়ে ক্রিকেটমহলে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। একাধিক ক্রিকেটার প্রকাশ্যে এর বিরোধিতা করেছেন। আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর।
বিদেশে নিলাম আয়োজনের ক্ষেত্রে যাতায়াত ও অন্যান্য ব্যবস্থাপনা নিয়ে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আপত্তি জানিয়েছিল। সেই দাবিকে গুরুত্ব দিয়েই এবার ভারতের কোনও শহরে আয়োজনের দিকে ঝুঁকেছে বোর্ড। ১৬ ডিসেম্বর গোয়ায় নিলাম আয়োজনের প্রস্তাব বাস্তবায়িত হলে তিন বছর পর দেশের মাটিতে ফিরবে আইপিএলের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এখন অপেক্ষা বিসিসিআইয়ের আনুষ্ঠানিক ঘোষণার।










কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন