সমকালীন প্রতিবেদন : এক দিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে এখনও প্রায় এক বছর বাকি। কিন্তু তার আগেই টিকিটের চাহিদা দেখে কার্যত চমকে উঠেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মাত্র ১২ দিনের মধ্যে ২০২৭ সালের বিশ্বকাপের টিকিটের জন্য দেড় কোটিরও বেশি আবেদন জমা পড়েছে। বিশ্বের ১৪২টি দেশের ক্রিকেটপ্রেমীরা এই টুর্নামেন্টের টিকিট পেতে আগ্রহ দেখিয়েছেন বলে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ফলে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই বিশ্বকাপের উন্মাদনা যে তুঙ্গে, তা স্পষ্ট।
আইসিসি-র ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ২ অক্টোবর শুরু হবে এক দিনের ক্রিকেট বিশ্বকাপ। চলবে ২১ নভেম্বর পর্যন্ত। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়া যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করবে। ২০০৩ সালের পর ফের আফ্রিকার মাটিতে বসতে চলেছে ক্রিকেটের এই মহাযজ্ঞ। আইসিসি জানিয়েছে, এখনও পর্যন্ত টিকিটের জন্য মোট ১ কোটি ৫০ লক্ষ ৮৩ হাজার ৭৫২টি আবেদন জমা পড়েছে।
অন্যদিকে, ১৪২টি দেশের ক্রিকেটপ্রেমীদের তরফে ব্যালটের জন্য রেজিস্ট্রেশন হয়েছে ৪৪ লক্ষ ২৩ হাজার ৪১৭টি। টিকিটের আবেদনের এই বিপুল সংখ্যা থেকেই প্রতিযোগিতাটিকে ঘিরে আগ্রহের ছবি স্পষ্ট হচ্ছে। বিশ্বকাপের টিকিট কিনতে আগ্রহীদের প্রথমে অনলাইনে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এরপর পছন্দের ম্যাচের জন্য আবেদন করা যাবে। একজন দর্শক একাধিক ম্যাচের টিকিটের আবেদন করতে পারবেন। তবে প্রতি ম্যাচের জন্য একটি করে টিকিটের আবেদন করা যাবে বলে জানানো হয়েছে।
আবেদনকারীর সংখ্যা উপলব্ধ টিকিটের তুলনায় বেশি হলে লটারির মাধ্যমে টিকিট পাওয়ার যোগ্য দর্শকদের বেছে নেওয়া হবে। নির্বাচিতদের ইমেলের মাধ্যমে জানানো হবে। তার পর তাঁরা টিকিট কেনার সুযোগ পাবেন। আগামী ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত টিকিটের জন্য রেজিস্ট্রেশন ও আবেদন করা যাবে বলে জানিয়েছে আইসিসি। আইসিসি-র প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্ত জানিয়েছেন, টিকিটের বিপুল চাহিদা বিশ্বকাপের জনপ্রিয়তা ও মর্যাদারই প্রতিফলন।
একই সঙ্গে আফ্রিকার পর্যটনকেন্দ্রগুলির প্রতি মানুষের আগ্রহ এবং টুর্নামেন্ট ঘিরে বিভিন্ন প্রচারমূলক উদ্যোগও এই উন্মাদনা বাড়াতে সাহায্য করেছে বলে মনে করছে সংস্থা। বিশ্বকাপের আগে আরও নানা প্রচারমূলক কর্মসূচি, ডিজিটাল কনটেন্ট এবং বিশেষ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে আইসিসি-র। এর মাধ্যমে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে চায় তারা।
২০২৩ সালের এক দিনের বিশ্বকাপে ভারতের মাটিতে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল ভারতীয় দল। কিন্তু শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় রোহিত শর্মা, বিরাট কোহলিদের। ২০২৭ সালের বিশ্বকাপে এই দুই তারকাকে দেখা যাবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে। তাঁদের কেরিয়ারের শেষ বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা নিয়েও জল্পনা রয়েছে।
তবে সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। তার আগেই বিশ্বকাপের টিকিট ঘিরে যে বিপুল আগ্রহ তৈরি হয়েছে, তা প্রতিযোগিতার জনপ্রিয়তারই ইঙ্গিত দিচ্ছে। আগামী বছরের ক্রিকেট বিশ্বকাপ নিয়ে উত্তেজনা যে এখন থেকেই বাড়তে শুরু করেছে, আইসিসি-র প্রকাশিত পরিসংখ্যানেই তার প্রমাণ মিলছে।









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন