সমকালীন প্রতিবেদন : ইন্টারনেট ব্যবহার এবং তার মাধ্যমে তথ্য জানার অধিকার শিশুদেরও রয়েছে। বয়স কম বলে তাদের সম্পূর্ণভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে রাখা যায় না। শিশুদের অনলাইন নিরাপত্তা ও স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রাখার পক্ষে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বক্তব্য, শিশুদের সুরক্ষার নামে ইন্টারনেট ব্যবহারের উপর সার্বিক নিষেধাজ্ঞা চাপানোর পরিবর্তে প্রয়োজন কার্যকর নিরাপত্তাব্যবস্থা, সচেতনতা এবং উপযুক্ত তত্ত্বাবধান।
বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি বিনোদ চন্দ্রনের বেঞ্চে শুনানি চলাকালীন এই পর্যবেক্ষণ উঠে আসে। আদালত জানায়, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ এবং ১৯(১)(ক) অনুচ্ছেদের আলোকে ইন্টারনেটে প্রবেশ ও ব্যবহারের অধিকারকে মৌলিক অধিকারের অংশ হিসেবে বিবেচনা করা যায়। মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি তথ্য গ্রহণ, বিভিন্ন ধারণা সম্পর্কে জানা এবং তা অন্যের কাছে পৌঁছে দেওয়ার সুযোগও এই অধিকারের অন্তর্ভুক্ত। শিশুদের ক্ষেত্রেও এই অধিকার সমানভাবে প্রযোজ্য।
তবে ইন্টারনেটে শিশুদের যৌন শোষণ ও নির্যাতনমূলক ছবি, ভিডিও এবং অন্যান্য আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আদালত। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও ওয়েবসাইটে এই ধরনের কনটেন্ট শনাক্ত করে দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে শীর্ষ আদালত। নিয়ন্ত্রক সংস্থা এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিচারপতিদের বেঞ্চ।
আদালতের মতে, শিশুদের ইন্টারনেট ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলে সমস্যার সমাধান হবে, এমন নিশ্চয়তা নেই। বরং তারা আরও অনিয়ন্ত্রিত ও বিপজ্জনক ওয়েবসাইটের দিকে ঝুঁকতে পারে। অনলাইনে কোনও শিশু প্রলোভন, হুমকি বা নির্যাতনের শিকার হলে নিষেধাজ্ঞা ভাঙার জন্য শাস্তি পাওয়ার ভয়ে বাবা-মা কিংবা বিশ্বস্ত প্রাপ্তবয়স্কদের কাছে ঘটনাটি জানাতেও পিছিয়ে আসতে পারে। তাই শিশুদের অধিকার বজায় রেখেই নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
এই ধরনের অপরাধমূলক কনটেন্ট দ্রুত শনাক্ত করতে কেন্দ্রকে পারসেপচুয়াল হ্যাশ এবং URL-ভিত্তিক জাতীয় ডেটাবেস তৈরির জন্য নির্দেশিকা প্রণয়নের কথাও বলেছে আদালত। পারসেপচুয়াল হ্যাশের সাহায্যে কোনও ছবি বা ভিডিওর ডিজিটাল পরিচিতি তৈরি করে একই বা প্রায় একই কনটেন্ট অন্য প্ল্যাটফর্মে প্রকাশিত হলে তা শনাক্ত করা সম্ভব। এর ফলে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে একই আপত্তিকর উপাদান ছড়িয়ে পড়া আটকানো সহজ হতে পারে।
তবে এই প্রযুক্তি ব্যবহারে সতর্ক থাকার নির্দেশও দিয়েছে আদালত। যথাযথ যাচাই ছাড়া কোনও কনটেন্টকে আপত্তিকর ঘোষণা করে মুছে ফেলা বা জাতীয় ডেটাবেসে যুক্ত করা যাবে না। ভুল শনাক্তকরণের ক্ষেত্রে অভিযোগ জানানোর ব্যবস্থাও রাখতে হবে। শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত কনটেন্ট শনাক্ত করার এই ডেটাবেস অন্য ধরনের বিষয়বস্তু সরানোর কাজে ব্যবহার করা উচিত নয়।
পাশাপাশি, বয়স যাচাইয়ের নামে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও নজরদারির সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আদালত। শিশুদের অনলাইন সুরক্ষায় প্রাথমিক স্তর থেকেই সচেতনতা ও প্রশিক্ষণ চালু করা, অভিভাবকদের সম্মতিতে সোশ্যাল মিডিয়া ব্যবহার, উপযুক্ত তত্ত্বাবধান এবং শিশুদের অ্যাকাউন্টে পৃথক ‘চাইল্ড মোড’ চালুর মতো ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে।
শীর্ষ আদালতের স্পষ্ট বার্তা, শিশুদের নিরাপত্তা ও স্বাধীনতা পরস্পরের বিরোধী নয়। সার্বিক নিষেধাজ্ঞার বদলে সচেতনতা, প্রযুক্তিগত সুরক্ষা এবং কার্যকর নজরদারির মাধ্যমেই শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে হবে।










কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন