সমকালীন প্রতিবেদন : পুজোর আগে এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে চারজনকে হাতেনাতে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ। গভীর রাতে সন্দেহজনকভাবে কয়েকজনের ঘোরাফেরার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও চারজনকে আটক করতে সক্ষম হন তদন্তকারীরা। ধৃতদের কাছ থেকে বেশ কিছু লোহার সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, গভীর রাতে গাইঘাটা থানার গরিবপুর মোড় এলাকায় কয়েকজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। সংখ্যায় তারা তিন থেকে ন’জনের মতো ছিল বলে জানা যায়। খবরটি পুলিশের কাছে আসার পর গাইঘাটা থানার পুলিশ দ্রুত ওই এলাকায় পৌঁছায়। পুলিশকে আসতে দেখে দলের কয়েকজন সেখান থেকে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকেই চারজনকে ধরে ফেলে পুলিশ।
ধৃতদের শরীরে ও সঙ্গে থাকা জিনিসপত্রে তল্লাশি চালিয়ে একটি ছোরা, দু’টি লোহার রড এবং একটি লোহার নেট কাটার প্লাস উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, ডাকাতির উদ্দেশ্যেই ওই ব্যক্তিরা সেখানে জড়ো হয়েছিল। পুজোর আগে কোনও অপরাধমূলক ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একইসঙ্গে পালিয়ে যাওয়া বাকিদের সন্ধানেও তল্লাশি শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে গণেশ কর্মকার মধ্যমগ্রাম থানা এলাকার বাসিন্দা এবং রবি দে দত্তপুকুর থানা এলাকার বাসিন্দা। অপর দুই ধৃত অর্জুন বালা ও চিত্তরঞ্জন বিশ্বাস গাইঘাটা থানা এলাকার বাসিন্দা। চারজনকেই গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত ছিল কি না, ধৃতদের বিরুদ্ধে আগে কোনও অপরাধের অভিযোগ রয়েছে কি না এবং ঠিক কোথায় ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল, তা জানতে তদন্ত চালাচ্ছে গাইঘাটা থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃত চারজনকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন