Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বাগদায় বিজেপি নেতাকে বাইক থেকে ফেলে খুনের চেষ্টার অভিযোগ

 ‌

Injured-BJP-leader

সমকালীন প্রতিবেদন : মিছিল সেরে বাইকে করে বাড়ি ফেরার পথে এক বিজেপি নেতাকে চলন্ত বাইক থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলার তপশিলি মোর্চার সাধারণ সম্পাদক শিশির হাওলাদার। তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। ইতিমধ্যেই বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত বিজেপি নেতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাগদা থানার অন্তর্গত বাগদা-দত্তপুলিয়া সড়কে ঘটনাটি ঘটে। অভিযোগ, বাগদা বাজারে একটি মিছিল শেষে মোটরবাইকে করে বাড়ির দিকে ফিরছিলেন শিশির হাওলাদার। সেই সময় একটি বাইকে করে দু’জন তাঁর পাশে আসে। অভিযোগ, চলন্ত অবস্থায় ওই বাইকে থাকা ব্যক্তিদের মধ্যে একজন শিশিরবাবুর বাইকে সজোরে লাথি মারে।

লাথির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন শিশির হাওলাদার। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে বিজেপির স্থানীয় নেতা-কর্মীরাও পৌঁছান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত বিজেপি নেতা শিশির হাওলাদারের দাবি, বাংলাদেশের জেলে বন্দি চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে এদিন বাগদা বাজারে আয়োজিত মিছিলে তিনি অংশ নিয়েছিলেন। মিছিল শেষ করে বাইকে বাড়ি ফেরার সময়ই তাঁর উপর হামলা চালানো হয়। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবেই পিছন থেকে একটি বাইকে করে দু’জন এসে তাঁর পাশে পৌঁছে বাইকে লাথি মেরে তাঁকে ফেলে দেয়।

ঘটনার পরেই বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশির হাওলাদার। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তরা কারা, কী কারণে এই হামলার ঘটনা ঘটল এবং এটি পূর্বপরিকল্পিত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তদের চিহ্নিত করে তাদের সন্ধানেও তল্লাশি শুরু করেছে পুলিশ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন