Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বাড়িতে আধার কার্ড ও পঞ্চায়েতের নথি তৈরির অভিযোগ, বাগদায় গ্রেফতার এক

 

Aadhaar-card-enrollment-at-home

সমকালীন প্রতিবেদন : বাগদা থানার আমডোবে গ্রামে বাড়িতে বসেই আধার কার্ড এবং পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ নথি তৈরি ও সরবরাহের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক ব্যক্তির নামে তৈরি আধার কার্ড এবং সিল-স্বাক্ষর করা ফাঁকা পঞ্চায়েত সার্টিফিকেট উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার সকালে গোপন সূত্রে বাগদা থানার পুলিশের কাছে খবর আসে, আমডোবে গ্রামের বাসিন্দা কামাল উদ্দিন মণ্ডল নিজের বাড়িতে বসে অসৎ উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি নথি তৈরি, মুদ্রণ এবং সরবরাহের কাজ করছে। খবর পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখতে এসআই অপূর্ব বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

পুলিশের দাবি, কামাল উদ্দিন মণ্ডলের বাড়িতে পৌঁছে তল্লাশি চালানো হলে সেখান থেকে বিভিন্ন ব্যক্তির নামে থাকা একাধিক আধার কার্ড উদ্ধার হয়। পাশাপাশি, পঞ্চায়েতের সিল এবং স্বাক্ষর করা বেশ কয়েকটি ফাঁকা সার্টিফিকেটও পুলিশের হাতে আসে। উদ্ধার হওয়া নথিগুলির বৈধতা এবং সেগুলি কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

তল্লাশির সময় উদ্ধার হওয়া সমস্ত নথিপত্র স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তালিকাভুক্ত করা হয়। এরপর নিয়ম মেনে সেগুলি বাজেয়াপ্ত করে পুলিশ। তদন্তকারীদের দাবি, বাড়িতে এই ধরনের সরকারি গুরুত্বপূর্ণ নথি তৈরি ও মজুত রাখার বৈধ অনুমতিসংক্রান্ত কোনও কাগজপত্র দেখাতে পারেনি অভিযুক্ত।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় কামাল উদ্দিন মণ্ডল ওই নথিপত্র তৈরির সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। এরপরই তাকে গ্রেফতার করে বাগদা থানায় নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া নথিগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, কারা এগুলি তৈরি করানোর জন্য যোগাযোগ করেছিল এবং এর পিছনে কোনও চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ঘটনার পর বাগদা থানার পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া আধার কার্ড ও পঞ্চায়েতের সার্টিফিকেটগুলির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি, সেগুলি ব্যবহার করে কোনও ধরনের প্রতারণা বা সরকারি নথির অপব্যবহার করা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন