সমকালীন প্রতিবেদন : আইপিএলের আগামী মরশুম শুরুর আগেই ক্রিকেট বিশ্বে দলবদল নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে ঘিরে বেশ কিছুদিন ধরেই সিএসকে, এলএসজি বা রাজস্থান রয়্যালসের মতো একাধিক ফ্র্যাঞ্চাইজির নাম বাতাসে ভাসছিল। এমনকী গুজরাট টাইটান্সে ফেরার গুঞ্জন উঠলেও অধিনায়কত্বের শর্তে তা ভেস্তে যায়।
তবে সমস্ত জল্পনাকে ছাপিয়ে এবার কলকাতা নাইট রাইডার্সের সংসারে হার্দিকের অন্তর্ভুক্তির জল্পনা তীব্র রূপ নিয়েছে। অনুঘটক হিসেবে কাজ করেছে কেকেআরের নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করা একটি ভিডিও এবং তার সঙ্গে দেওয়া ইঙ্গিতপূর্ণ ক্যাপশন– ‘অপেক্ষা করুন’। সম্প্রতি বেঙ্গালুরুর বিসিসিআই 'সেন্টার অফ এক্সেলেন্স'-এ রিহ্যাবে রয়েছেন কেকেআরের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী ও মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
জিম সেশনে বরুণ যখন ভারোত্তোলন করছিলেন, ঠিক তখনই পাশ দিয়ে যাওয়ার সময় বরুণের কসরত করার ভঙ্গি নকল করে হালকা খুনসুটিতে মেতে ওঠেন হার্দিক। কেকেআর কর্তৃপক্ষ বরুণ ও হার্দিকের এই মুহূর্তের ভিডিওটি পোস্ট করতেই নাইট ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাধারণ এক জিম সেশনের দৃশ্যকে ক্রিকেটপ্রেমীরা মোটেও সাধারণ বলতে নারাজ, বরং একে আগামী আইপিএলের সবচেয়ে বড় চমকের ইঙ্গিত হিসেবেই দেখছেন তারা।
আইপিএলের সম্ভাব্য অধিনায়ক নির্বাচন নিয়ে কেকেআর ম্যানেজমেন্ট বর্তমানে বেশ চিন্তায়। সম্প্রতি অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক রাহানে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কলকাতার অধিনায়কের পদটি খালি হয়েছে। যদিও দলে রিঙ্কু সিং সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন, তবুও নেতৃত্ব দেওয়ার কঠিন চাপ সামলাতে হার্দিকের অভিজ্ঞতার ওপরই বেশি ভরসা রাখতে চাইছে নাইট নীতি-নির্ধারকেরা।
শোনা যাচ্ছে, গত মরশুমের শেষভাগ থেকেই মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের সঙ্গে পর্দা পেছনের আলোচনা শুরু করেছিল কেকেআর। সম্প্রতি কয়েক দফায় ফের দু'পক্ষের বৈঠক হয়েছে। হার্দিককে দলে টেনে সরাসরি অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়ার এক মাস্টারপ্ল্যান কেকেআর তৈরি করেছে বলেই সূত্রের খবর।
হার্দিকের এই সম্ভাব্য স্থানান্তর 'ক্যাশ ডিল' হবে নাকি 'ট্রেড ডিল', তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ভারতীয় দলের প্রাক্তন তারকা রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে জানান, মুম্বই ইন্ডিয়ান্স যদি ট্রেড ডিলে রাজি হয়, তবে তারা অবশ্যই কেকেআরের থেকে বড় কোনো সম্পদ চাইবে। অশ্বিনের মতে, কেকেআরের ঘরের ছেলে হর্ষিত রানা এবং রিঙ্কু সিংকে পাওয়ার শর্তেই কেবল মুম্বই হার্দিককে ছাড়তে রাজি হতে পারে। তবে নাইট কর্তৃপক্ষ নিজেদের সেরা তারকাদের সহজে হাতছাড়া করবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে পান্ডিয়ার বিচ্ছেদ প্রায় নিশ্চিত বলে মনে করা হলেও অন্য একাধিক দল তাঁকে নিতে আগ্রহী। তবে দৌড়ে আপাতত অনেকটাই এগিয়ে কেকেআর। সোশ্যাল মিডিয়ার ভিডিওটি কেবলই একটি প্রচার চমক নাকি হার্দিকের বেগুনী-সোনালী জার্সিতে আসার আনুষ্ঠানিক ঘোষণা, তা জানতে আপাতত অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেট অনুরাগীরা।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন