সমকালীন প্রতিবেদন : আন্তর্জাতিক ক্রিকেটের ময়দান থেকে ফের চেনা আঙিনায় প্রত্যাবর্তন ঘটল রায়ান টেন দুশখাতের। ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্ব ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন নেদারল্যান্ডসের এই প্রাক্তন অলরাউন্ডার। তবে এবার আর কেবল ডাগআউটের কোচিং নয়, শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি তাঁকে বিশ্বব্যাপী তাদের ক্রিকেটীয় পরিকাঠামো পরিচালনার জন্য ‘হেড অব ক্রিকেট স্ট্র্যাটেজি’ হিসেবে নিযুক্ত করেছে।
নাইট রাইডার্স স্পোর্টসের প্রকাশিত তথ্য অনুযায়ী, দুশখাতেকে ফ্র্যাঞ্চাইজির সার্বিক ক্রিকেট কৌশল তৈরিতে মূল ভূমিকা নিতে হবে। তাঁর প্রধান কাজের মধ্যে থাকছে– দেশ-বিদেশের উদীয়মান ও প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করা (স্কাউটিং), নতুন প্লেয়ারদের প্রশিক্ষণ ও উন্নতি নিশ্চিত করা, দল গঠনের সময় খেলোয়াড় নির্বাচন এবং তাঁদের পারফরম্যান্স বিশ্লেষণ করা। এছাড়া, ফ্র্যাঞ্চাইজির অধীনে থাকা অন্যান্য দলের কোচিং ও অ্যানালিটিক্স টিমের সঙ্গে সমন্বয় রেখে তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাবেন।
তবে পুরোপুরি কোচিং থেকে তিনি সরছেন না। নাইট রাইডার্সের গ্লোবাল টিম– ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগের ‘ত্রিনবাগো নাইট রাইডার্স’, আরব আমিরশাহির ILT20-এর ‘আবু ধাবি নাইট রাইডার্স’ এবং আমেরিকার মেজর লিগ ক্রিকেটের ‘লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স’-এর সহকারী কোচ হিসেবেও সমান্তরালভাবে দায়িত্ব সামলাবেন তিনি।
২০২৪ সালে গৌতম গম্ভীর জাতীয় দলের প্রধান কোচ হওয়ার পর তাঁর সহকারী হিসেবে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন দুশখাতে ও অভিষেক নায়ার। টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপ জয়ের মুখ দেখলেও, ভারতের সাম্প্রতিক যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের পাশাপাশি ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে বিপর্যয় এবং বর্ডার-গাভাসকর ট্রফিতে হারের পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, একই দিনে ভারতীয় দলের ফিল্ডিং কোচের পদ থেকেও টি দিলীপকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে শুভদীপ ঘোষকে।
কেকেআরের সঙ্গে দুশখাতের সম্পর্ক বহু বছরের পুরোনো। ২০১১ সালে খেলোয়াড় হিসেবে তাঁর নাইট যাত্রার সূচনা হয়। ২০১২ ও ২০১৪ সালে কেকেআরের আইপিএল ট্রফি জয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। পরবর্তীতে ২০২২ সালে ফিল্ডিং কোচ এবং ২০২৪ সালে নাইটদের তৃতীয় আইপিএল ট্রফি জয়ের সময় গম্ভীরের সহকারী হিসেবে বড় ভূমিকা পালন করেছিলেন তিনি।
পুরোনো ঘরে ফিরতে পেরে উচ্ছ্বসিত দুশখাতে জানান, দীর্ঘমেয়াদি ক্রিকেট কৌশল গঠন এবং খুদে ক্রিকেটারদের প্রতিভা বিকাশ ও বিশ্লেষণের সুযোগ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। অন্যদিকে, নাইট রাইডার্স স্পোর্টসের সিইও ভেঙ্কি মহীশূর তাঁকে স্বাগত জানিয়ে জানান, টেন্ডোর ফ্র্যাঞ্চাইজির দর্শন সম্পর্কে গভীর সম্যক ধারণা রয়েছে।
আন্তর্জাতিক অভিজ্ঞতা ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঠিক বোধ তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য সবচেয়ে উপযুক্ত করে তুলেছে। আইপিএল শুরু হতে এখনও প্রায় নয় মাস বাকি থাকলেও, দুশখাতকে নিয়ে কেকেআরের এই মাস্টারস্ট্রোক প্রমাণ করে দিচ্ছে যে, চতুর্থ শিরোপার জন্য এখন থেকেই ব্লু-প্রিন্ট সাজাতে শুরু করে দিয়েছে নাইট ব্রিগেড।









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন