Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

হেলেঞ্চায় সরকার অনুমোদিত মদের দোকান সরানোর দাবিতে মতুয়া মহাসংঘের বিক্ষোভ

 

Demand-to-relocate-liquor-shops

সমকালীন প্রতিবেদন : জনবসতিপূর্ণ এলাকা থেকে সরকার অনুমোদিত মদের দোকান সরানোর দাবিতে রণক্ষেত্রের রূপ নিল বাগদা ব্লকের হেলেঞ্চা। বৃহস্পতিবার দুপুরে বাগদা ব্লক মতুয়া মহাসংঘের নেতৃত্বে সরব প্রতিবাদ আন্দোলন হিংসাত্মক রূপ নেয়। বিক্ষোভকারীরা সংশ্লিষ্ট মদের দোকানে ভাঙচুর চালায় এবং হেলেঞ্চা-দত্তফুলিয়া সড়ক অবরুদ্ধ করে প্রতিবাদে শামিল হয়। ঘটনার খবর পেয়ে বাগদা থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগদার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত অফিসের ঠিক পাশেই অবস্থিত একটি সরকারি অনুমোদিত মদের দোকান। দীর্ঘদিন ধরেই এটি সেখান থেকে স্থানান্তরিত করার দাবি উঠছিল। এই দাবিকে কেন্দ্র করেই বৃহস্পতিবার দুপুরে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে এক বিশাল প্রতিবাদ মিছিল বের করে বাগদা ব্লক মতুয়া মহাসংঘ। 

মিছিলটি এগোনোর পর উত্তেজিত আন্দোলনকারীরা আচমকাই মদের দোকানের সামনে পৌঁছে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং একপর্যায়ে দোকানের বাইরের অংশ ভাঙচুর করে। ঘটনার তীব্রতায় মুহূর্তের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ হেলেঞ্চা-দত্তফুলিয়া সড়ক, যার ফলে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। আকস্মিক এই তাণ্ডবে পথচলতি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়েই বাগদা থানার পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বাগদা থানার ওসি নিজে উপস্থিত থেকে উত্তেজিত বিক্ষোভকারীদের সামলানোর চেষ্টা করেন এবং রাস্তা থেকে অবরোধ হঠাতে তৎপর হন। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন