সমকালীন প্রতিবেদন : কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে এক গৃহবধূকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দেওরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বনগাঁ মহকুমা আদালত। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।
জানা গেছে, পরিবারের সদস্যরা পুত্রসন্তানের প্রত্যাশা করেছিলেন। কিন্তু গৃহবধূ কন্যাসন্তান জন্ম দেওয়ার পর থেকেই তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতন বাড়তে থাকে বলে অভিযোগ। আরও অভিযোগ, সেই নির্যাতনেরই চরম পরিণতিতে একদিন বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে ওই গৃহবধূকে খুন করা হয়।
ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে বনগাঁ মহকুমা আদালতের বিচারক মৃত্যুঞ্জয় কর্মকার মামলায় অভিযুক্ত চারজনকে দোষী সাব্যস্ত করেন। দোষীদের মধ্যে রয়েছে গৃহবধূর স্বামী তারক কর্মকার, শ্বশুর সমীর কর্মকার, শাশুড়ি সাবিত্রী কর্মকার এবং দেওর জয়দেব কর্মকার।
বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী শ্যামল বিশ্বাস জানান, আদালত চার অভিযুক্তকেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। পাশাপাশি, আইন অনুযায়ী অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থারও নির্দেশ দেওয়া হয়েছে।
এই রায়কে নারীর প্রতি বৈষম্য ও কন্যাসন্তানকে ঘিরে সমাজের একাংশের কুসংস্কারপূর্ণ মানসিকতার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করছেন আইনজীবী ও সমাজের বিভিন্ন মহল। আদালতের এই সিদ্ধান্ত ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধে দৃষ্টান্ত স্থাপন করবে বলেও মত তাঁদের।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন