Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৩ মে, ২০২৬

হাইভোল্টেজ মেগা-সোমবার: ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে প্রস্তুত রাজ্যের ৭৭টি গণনাকেন্দ্র

 

Counting-Centre

সমকালীন প্রতিবেদন : দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামীকাল রাজ্যের ২৯৩টি বিধানসভা আসনের ভাগ্যনির্ধারণ। সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। ইতিমধ্যেই রাজ্যের ৭৭টি গণনাকেন্দ্রে প্রস্তুতি সারা। নির্বাচন কমিশন সূত্রে খবর, ফলতা বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হবে আগামী ২৪ মে, বাকি আসনগুলির প্রবণতা ও ফলাফল আগামীকালই স্পষ্ট হয়ে যাবে।

কমিশন জানিয়েছে, আগামীকাল সকাল ৮টা থেকে প্রথমে শুরু হবে পোস্টাল ব্যালটের গণনা। তার ঠিক আধঘণ্টা পর অর্থাৎ ৮.৩০ মিনিট থেকে শুরু হবে ইভিএম গণনা। যে সমস্ত কেন্দ্রে পোস্টাল ব্যালট নেই, সেখানে শুরুতেই ইভিএম খোলা হবে। প্রতিটি কেন্দ্রে রাউন্ডের সংখ্যা ভিন্ন। মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম এবং বীজপুরের মতো কেন্দ্রে মাত্র ১০ রাউন্ডেই গণনা শেষ হয়ে যাবে। অন্যদিকে, চুঁচুড়ায় সর্বোচ্চ ২৭ রাউন্ড পর্যন্ত গণনা চলবে।

পাশাপাশি, বনগাঁ দীনবন্ধু মহা বিদ্যালয়ে মহকুমার ৪টি কেন্দ্রের গণনা হবে। সেখানে ২০ থেকে ২৩ রাউন্ড গণনা হবে। এক একটি ঘরে ১৪টি করে টেবিল বসানো হয়েছে। গণনাকেন্দ্রগুলিতে নিরাপত্তার কোনও খামতি রাখছে না কমিশন। প্রতিটি কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকবে রাজ্য পুলিশ এবং প্রতিটি হলের বাইরে ও ভেতরে সিসিটিভি-র কড়া নজরদারি। এছাড়া প্রত্যেকটি হলের জন্য একজন করে 'কাউন্টিং অবজার্ভার' নিয়োগ করা হয়েছে।

গণনার সময় বিদ্যুৎ বিভ্রাট রুখতে নজিরবিহীন প্রস্তুতি নিয়েছে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার জন্য ডবল জেনারেটর ব্যাকআপ রাখা হয়েছে। ইন্টারনেটের গতি নিয়েও সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা হয়েছে। প্রসঙ্গত, লোডশেডিং নিয়ে রাজনৈতিক দলগুলিও সতর্ক। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী তাঁর এজেন্টদের নির্দেশ দিয়েছেন, বিদ্যুৎ গেলে যেন ১০ সেকেন্ডের জন্যও নজর না সরে। এমনকি ট্রান্সফর্মার পাহারা দেওয়ার বার্তাও দেওয়া হয়েছে দলের ছাত্র নেতৃত্বকে।

রাজ্যে সবচেয়ে বেশি ৩৩টি আসন রয়েছে উত্তর ২৪ পরগনায়, যার জন্য নির্ধারিত হয়েছে ৭টি গণনাকেন্দ্র। কলকাতার ১১টি আসনের জন্য রয়েছে ৫টি কেন্দ্র। নির্বাচন কমিশনের সরকারি ওয়েবসাইট (eci.gov.in) এবং মোবাইল অ্যাপে প্রতি মুহূর্তের আপডেট পাওয়া যাবে। এছাড়া সকাল থেকেই নিউজ চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে ট্রেন্ড দেখা যাবে। 

মনে করা হচ্ছে, দুপুর ১২টার মধ্যেই প্রাথমিক প্রবণতা স্পষ্ট হয়ে যাবে। তবে হাড্ডাহাড্ডি লড়াই হওয়া আসনগুলির চূড়ান্ত ফল পেতে সন্ধ্যা হতে পারে। আগামীকালকের এই মেগা লড়াইয়ের দিকে তাকিয়ে এখন গোটা রাজ্য। কার মাথায় উঠবে জয়ের মুকুট, আর কার হবে স্বপ্নভঙ্গ– তা জানা এখন কয়েক ঘণ্টার অপেক্ষা মাত্র।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন