Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, উত্তরে বৃষ্টির পূর্বাভাস: সপ্তাহের শেষে কি নামবে স্বস্তির ধারা?

 

Overwhelmed-by-heat

সমকালীন প্রতিবেদন : বসন্ত বিদায় নিতে না নিতেই গ্রীষ্মের রুদ্ররূপে কার্যত দিশেহারা বঙ্গবাসী। একদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিতে কিছুটা স্বস্তি থাকলেও, দক্ষিণবঙ্গের জন্য এখনই কোনো সুখবর দিতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর। বরং আগামী কয়েকদিন চড়া রোদ আর আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে বলেই ইঙ্গিত মিলেছে। আবহাওয়া দপ্তরের মতে, বিহার থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত একটি উত্তর-দক্ষিণ অক্ষরেখা ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের উপর দিয়ে গিয়েছে, যার ফলে রাজ্যে শুকনো পশ্চিমা হাওয়ার দাপট বাড়ছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর স্পর্শ করার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গল ও বুধবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

উপকূলবর্তী জেলাগুলিতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ থেকে ৯০ শতাংশে পৌঁছে যাওয়ায় 'ফিল লাইক টেম্পারেচার' বা অনুভূত তাপমাত্রা প্রকৃত তাপমাত্রার চেয়ে অনেক বেশি মনে হবে। ফলে ঘাম ও হাঁসফাঁস করা গরম থেকে রেহাই নেই। তিলোত্তমায় বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে থাকলেও, আগামীকাল থেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। কড়া রোদের কারণে দুপুরের দিকে রাস্তায় বেরোনো দায় হয়ে দাঁড়িয়েছে।

সামনেই রাজ্যে প্রথম দফার নির্বাচন। প্রথম ভোটের দিন আবহাওয়া বড় ফ্যাক্টর হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ভোটের দিন সকালে চড়া রোদ ও গুমোট গরম থাকলেও, বিকেলের দিকে স্থানীয়ভাবে তৈরি হওয়া মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লাইনে দাঁড়ানো ভোটারদের জন্য যা সাময়িক স্বস্তির কারণ হতে পারে।

দক্ষিণবঙ্গ যখন গরমে পুড়ছে, উত্তরবঙ্গ তখন কিছুটা হলেও বিপরীত মেরুতে। পাহাড়ি জেলাগুলিতে ২৫ এপ্রিল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকায় পাহাড়ে গরমের দাপট অনেকটাই কম থাকবে। সিকিম ও সংলগ্ন হিমালয়ের পাদদেশ এলাকায় বৃষ্টির ফলে মনোরম আবহাওয়া বজায় থাকবে।

তীব্র দাবদাহের মধ্যে দক্ষিণবঙ্গের জন্য একমাত্র আশার আলো হলো সপ্তাহের শেষের পূর্বাভাস। আগামী ২৬ এপ্রিল, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিছুটা বদল আসতে পারে। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সাথে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে বড়সড় স্বস্তি মিলতে পারে রবিবার অর্থাৎ উইকেন্ডে। 

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ওই দিন ৫০ কিলোমিটার বা তার বেশি গতিবেগে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হতে পারে, যা গত কয়েকদিনের জমে থাকা গরমকে কিছুটা প্রশমিত করবে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন