সমকালীন প্রতিবেদন : ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার বিদেশের মাটিতে ভারতীয় দলের একাধিক সফরের নির্ঘণ্ট ঘোষণা করল বিসিসিআই। আইপিএল-এর ব্যস্ততা মিটতেই বিশ্বচ্যাম্পিয়ন টিম ইন্ডিয়াকে পাড়ি দিতে হবে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে। আর সেই সফর শেষ হতে না হতেই জুলাই মাসের শেষে জিম্বাবোয়ে সফরে যাচ্ছে ভারত।
বুধবার বিসিসিআই-এর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জিম্বাবোয়ে সফরের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ জুলাই হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দেশ। পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৬ জুলাই। উল্লেখ্য, ২০২৪ সালেও জিম্বাবোয়ে সফরে গিয়ে ৫ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে জয়লাভ করেছিল 'মেন ইন ব্লু'।
ভারতীয় দলের আসন্ন সূচি অত্যন্ত ব্যস্ততাপূর্ণ। ২০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ করার পরেই আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে ভারত। জুনের তৃতীয় সপ্তাহে আইরিশদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন সূর্যকুমার যাদবরা। মূলত জুলাইয়ের ১ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে যে হাই-ভোল্টেজ টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ রয়েছে, আয়ারল্যান্ড সফরকে তারই প্রস্তুতি হিসেবে দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
দীর্ঘমেয়াদী সূচি অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতে আসবে জিম্বাবোয়ে ক্রিকেট দল। সেই সফরের প্রথম ম্যাচটি আয়োজিত হবে তিলোত্তমা কলকাতার ইডেন গার্ডেন্সে (৩ জানুয়ারি)। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে হায়দরাবাদ (৬ জানুয়ারি) ও মুম্বইয়ে (৯ জানুয়ারি)।
এদিন বিসিসিআই-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, আসন্ন মরশুমে ঘরের মাঠে ভারত মোট ২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। যার মধ্যে রয়েছে ৫টি টেস্ট, ৯টি ওয়ানডে এবং ৮টি টি-টোয়েন্টি। ভারত সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে এবং অস্ট্রেলিয়ার।
দেশের মোট ১৭টি শহরে এই ম্যাচগুলি ছড়িয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে, আগামী কয়েক মাস ক্রিকেটের নন্দনকানন থেকে বিদেশের হারারে স্পোর্টস ক্লাব—সর্বত্রই ভারতীয় ক্রিকেটারদের কড়া পরীক্ষার মুখে পড়তে হবে।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন