সমকালীন প্রতিবেদন : ট্রেন সফরের সময় অসাবধানতাবশত বা পকেটমারির কবলে পড়ে মোবাইল হারানো এখন নিত্যদিনের ঘটনা। অধিকাংশ ক্ষেত্রেই সেই ফোন ফিরে পাওয়ার আশা ত্যাগ করেন সাধারণ মানুষ। কিন্তু সেই হারানো বিশ্বাস ফিরিয়ে আনল বনগাঁ জিআরপি। গত ফেব্রুয়ারি মাসে শিয়ালদা ডিভিশনের বিভিন্ন ট্রেন ও স্টেশন থেকে হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো।
পুলিশ সূত্রে জানা গেছে, বনগাঁ জিআরপি-র আইসি নয়ন মৈত্রের বিশেষ উদ্যোগে এই মোবাইল উদ্ধারের প্রক্রিয়াটি চালানো হয়। নিখোঁজ হওয়া মোবাইলগুলির আইএমইআই নম্বর ট্র্যাক করে এবং আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে ফোনগুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বনগাঁ জিআরপি কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার হওয়া এই ২৬টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিয়ালদা জিআরপি জেলার এসআরপি দেবর্ষি দত্ত, বনগাঁ পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি শান্তনু চৌধুরী, বনগাঁ জিআরপি-র আধিকারিক নয়ন মৈত্র সহ পুলিশের অন্যান্য পদস্থ কর্তারা।
হারানো মোবাইল ফিরে পেয়ে যারপরনাই খুশি সাধারণ গ্রাহকেরা। উপস্থিত এক মোবাইল মালিকের কথায়, "ভাবতেই পারিনি যে কয়েক মাস আগে হারানো ফোনটা এভাবে ফিরে পাব। পুলিশের এই ভূমিকা সত্যিই প্রশংসনীয়।"
পুলিশ আধিকারিকদের মতে, মোবাইল চুরির চক্র ভাঙতে এবং সাধারণ মানুষের সহায়তায় এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে। যাত্রীদেরও অনুরোধ করা হয়েছে যেন তারা ট্রেন সফরের সময় নিজের মূল্যবান সামগ্রী সম্পর্কে আরও সচেতন থাকেন এবং কোনও কিছু হারিয়ে গেলে দ্রুত থানায় অভিযোগ দায়ের করেন।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন