সমকালীন প্রতিবেদন : প্রতীক্ষার অবসান। টি-টোয়েন্টি বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই এবার দেশের মাটিতে মেগা টুর্নামেন্টের আবাহন। বুধবার ঘোষিত হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম সংস্করণের প্রথম পর্বের নির্ঘণ্ট। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের কোটিপতি লিগ।
উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের। প্রথম পর্বে ২০ ম্যাচের সূচি এদিন প্রকাশ করা হলো। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া আইপিএলের আংশিক সূচি প্রকাশ করেছেন। আপাতত ১২ এপ্রিল পর্যন্ত মোট ২০টি ম্যাচের দিনক্ষণ জানানো হয়েছে।
বোর্ড সূত্রে খবর, পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ বিচার করেই টুর্নামেন্টের বাকি অংশের সূচি পর্যায়ক্রমে ঘোষণা করা হবে। উল্লেখযোগ্যভাবে জানানো হয়েছে, এবারের লিগের দুটি প্লে-অফ এবং মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে।
কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের অভিযান শুরু করছে ২৯ মার্চ। প্রথম ম্যাচেই তাদের কঠিন পরীক্ষা, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। তবে কলকাতার সমর্থকদের জন্য সুখবর হলো, এরপর টানা তিনটি ম্যাচ ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলবে অজিঙ্কা রাহানের দল।
২ এপ্রিল কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ। ৬ এপ্রিল পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে খেলা। ৯ এপ্রিল কেকেআর খেলবে লখনউ সুপার জায়ান্টস এর বিরুদ্ধে। ৩০ মার্চ চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে। ৩১ মার্চ পাঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটান্স এর খেলা হবে মুলানপুরে।
পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের কারণে নিরাপত্তার বিষয়টি মাথায় রাখছে বোর্ড। যেহেতু রাজস্থান রয়্যালস গুয়াহাটিতে এবং কেকেআর ও সিএসকে তাদের ঘরের মাঠে খেলবে, তাই নির্বাচন কমিশনের নির্ঘণ্টের ওপরই নির্ভর করছে টুর্নামেন্টের পরবর্তী ভাগ্য। তবে আপাতত ক্রিকেট মহলে উন্মাদনা তুঙ্গে। যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়ে বেঙ্গালুরুতেই উদ্বোধনী ম্যাচ আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্রিকেট প্রেমীরা।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন