সমকালীন প্রতিবেদন : বসন্তের শেষেই দেশে ফিরছে ক্রিকেটের মহোৎসব। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৯তম সংস্করণ। উদ্বোধনী ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদের। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে আরসিবির ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামেই আসর বসতে চলেছে। ঘরের মাঠে প্রিয় তারকা বিরাট কোহলিদের খেলতে দেখার অপেক্ষায় এখন প্রহর গুনছেন আট থেকে আশি– সমস্ত বয়সের ক্রিকেটপ্রেমীরা।
অনলাইন প্ল্যাটফর্মে টিকিটের রেজিস্ট্রেশন শুরু হতেই সমর্থকদের উন্মাদনা চোখে পড়ার মতো। জানা গিয়েছে, দর্শকরা BookMyShow এবং Paytm Insider-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম ছাড়াও ফ্র্যাঞ্চাইজির নিজস্ব ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। চিন্নাস্বামীতে টিকিটের প্রাথমিক দাম শুরু হচ্ছে ২৩০০ থেকে ২৮০০ টাকার মধ্যে।
তবে মাঝের সারির আসনের জন্য দর্শকদের গুনতে হতে পারে ৩৫০০ থেকে ৭৫০০ টাকা। যারা গ্যালারির ভিড় এড়িয়ে প্রিমিয়াম টেরেস বা প্যাভিলিয়নে বসে খেলা দেখতে চান, তাদের টিকিটের দাম পড়বে ৮০০০ থেকে ১৫০০০ টাকা। এছাড়া বিলাসিতার মোড়কে ম্যাচ উপভোগ করার জন্য কর্পোরেট হসপিটালিটি বক্সের টিকিটের দাম রাখা হয়েছে ৩০ হাজার টাকারও বেশি।
টিকিট বুকিংয়ের প্রক্রিয়াটি বেশ সহজ রাখা হয়েছে। সংশ্লিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে ‘RCB vs SRH IPL 2026’ লিখে সার্চ করলেই ম্যাচের উইন্ডো খুলে যাবে। সেখান থেকে পছন্দের আসন সংখ্যা ও স্ট্যান্ড বেছে নিয়ে ইউপিআই, ক্রেডিট/ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করলেই টিকিট নিশ্চিত করা যাবে। তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন সংখ্যা সীমিত হওয়ায় এবং উদ্বোধনী ম্যাচের প্রবল চাহিদার কারণে দ্রুত টিকিট শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, বাংলার ক্রিকেটপ্রেমীদের নজর রয়েছে কলকাতা নাইট রাইডার্সের দিকে। আগামী ২৯ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অভিযান শুরু করছে ক্যামেরন গ্রিনের নেতৃত্বাধীন কেকেআর। তবে কলকাতার সমর্থকদের জন্য সুখবর হলো, এরপরই ইডেন গার্ডেন্সে টানা তিনটি ম্যাচ খেলবে নাইটরা।
কেকেআরের প্রথম পর্বের নির্ঘণ্ট: ২৯ মার্চ: বনাম মুম্বই ইন্ডিয়ান্স (ওয়াংখেড়ে), ২ এপ্রিল: বনাম সানরাইজার্স হায়দরাবাদ (ইডেন গার্ডেন্স), ৬ এপ্রিল: বনাম পাঞ্জাব কিংস (ইডেন গার্ডেন্স) এবং ৯ এপ্রিল: বনাম লখনউ সুপার জায়ান্টস (ইডেন গার্ডেন্স)।
ইডেন গার্ডেন্স এর এই মেগা লড়াইয়ের টিকিটও আগামী কয়েকদিনের মধ্যেই বাজারে আসবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে চৈত্র শুরুর আগেই আইপিএল জ্বরে কাঁপতে শুরু করেছে কলকাতা থেকে বেঙ্গালুরু।









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন