Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২ মার্চ, ২০২৬

রঞ্জি জয়ের নায়ক আকিবই কি আগামীর ভারতীয় পেস সেনসেশন? বড় ইঙ্গিত বিসিসিআই সভাপতির

 

Aqib-Nabi-Dar

সমকালীন প্রতিবেদন : দীর্ঘ ৬৭ বছরের খরা কাটিয়ে অবশেষে ঘরোয়া ক্রিকেটের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে জম্মু ও কাশ্মীর। রঞ্জি ট্রফির ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে তারা। আর এই রূপকথার নেপথ্যে যিনি রাজপুত্রের মতো আবির্ভূত হয়েছেন, তিনি ২৪ বছর বয়সি তরুণ তুর্কি আকিব নবি দার। বল হাতে কার্যত আগুন ঝরিয়ে এক মরশুমে ৬০ উইকেট তুলে নিয়ে জাতীয় দলের দরজায় সজোরে ধাক্কা দিচ্ছেন এই পেসার। 

জম্মু-কাশ্মীরের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত বিসিসিআই সভাপতি মিঠুন মানহাসও আকিবের জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। এবারের রঞ্জি ট্রফিতে আকিবের পারফরম্যান্স ছিল অতিমানবিক। ১০ ম্যাচে মাত্র ১২.৫৬ গড়ে তিনি পকেটে পুরেছেন ৬০টি উইকেট। ফাইনালে ৫৪ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে একাই ধসিয়ে দেন তিনি। 

ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে তৃতীয় পেসার হিসেবে এক মরশুমে ৬০ উইকেটের মাইলফলক স্পর্শ করার বিরল নজিরও গড়েছেন তিনি। তবে কেবল লাল বল নয়, সাদা বলের ক্রিকেটেও সমান সাবলীল আকিব। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১৫টি উইকেট (গড় ১৩.২৬, ইকোনমি ৭.৪১)। বিজয় হাজারে ট্রফিতে ৭ ম্যাচে ১৪ উইকেট (সেরা বোলিং ৪/৫২)।

আকিবের এই অবিশ্বাস্য উত্থান কি তাকে জাতীয় দলের নীল জার্সিতে পৌঁছে দেবে? এই জল্পনার অবসান ঘটিয়েছেন বিসিসিআই সভাপতি তথা জম্মু-কাশ্মীর ক্রিকেটের দীর্ঘদিনের পথপ্রদর্শক মিঠুন মানহাস। তিনি স্পষ্ট জানিয়েছেন, নির্বাচকদের কড়া নজর রয়েছে এই তরুণের ওপর। মানহাস বলেন, "আকিব নিজেকে উজাড় করে দিয়েছে। কেবল এই মরশুমেই নয়, গত মরশুমেও ও দুর্দান্ত ছন্দে ছিল। ও যে কেবল প্রথম শ্রেণির ক্রিকেটেই সফল তা নয়, অন্যান্য ফরম্যাটেও দক্ষতার পরিচয় দিয়েছে। আমি নিশ্চিত, ও ওর পরিশ্রমের প্রতিদান পাবে। নির্বাচকরা ওর ওপর নজর রাখছেন এবং আশা করি দ্রুতই ও জাতীয় দলে সুযোগ পাবে।"

জম্মু-কাশ্মীর ক্রিকেটের এই ভোলবদলের পেছনে মিঠুন মানহাসের মস্তিষ্কপ্রসূত 'ট্যালেন্ট হান্ট' কর্মসূচির বড় অবদান রয়েছে। সেখান থেকেই উঠে আসা আকিবের প্রতিভা এখন বিকশিত। তাঁর এই ফর্মের স্বীকৃতি মিলেছে আইপিএলের মেগা নিলামেও। ৮.৪ কোটি টাকার বিশাল অঙ্কে দিল্লি ক্যাপিটালস তাঁকে দলে নিয়েছে। কোটি টাকার লিগে বল হাতে নিজেকে প্রমাণ করার আগেই রঞ্জি ট্রফিতে তাঁর এই রাজকীয় পারফরম্যান্স দিল্লি শিবিরকেও স্বস্তি দিচ্ছে।

গত মরশুমে ৪৪ উইকেট এবং এবার ৬০ উইকেট—আকিবের ধারাবাহিকতা বলে দিচ্ছে তিনি লম্বা রেসের ঘোড়া। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বুমরাহ-শামিদের উত্তরসূরি হিসেবে একজন নিখুঁত পেসার পাওয়ার অপেক্ষায় রয়েছে ভারত, আর আকিব নবি সেই শূন্যস্থান পূরণের যোগ্য দাবিদার। এখন দেখার, জাতীয় নির্বাচকরা কবে এই কাশ্মীরি পেসারের হাতে টিম ইন্ডিয়ার ক্যাপ তুলে দেন।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন