সমকালীন প্রতিবেদন : বসন্তের এক মনোরম দুপুরে আনন্দ ও সৃজনশীলতার মেলবন্ধনে উদযাপিত হলো বনগাঁ ১নং চক্রের অন্তর্গত কুমুদিনী গার্লস স্কুল (প্রাথমিক বিভাগ)-এর বার্ষিক মিলন উৎসব ২০২৬। শনিবার, ৭ মার্চ বনগাঁর নীলদর্পন হলে আয়োজিত এই অনুষ্ঠানটি ছাত্রী, অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিশিষ্টজনেদের উপস্থিতিতে এক অনন্য উচ্চতা লাভ করে।
প্রথা মেনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিনের উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনগাঁ ১নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মালবিকা বিশ্বাস, এ আই বিশ্বজিত পাল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অভিজিত কাপুড়িয়া এবং বনগাঁ পৌরসভার প্রধান দিলীপ মজুমদার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কো-মেন্টর বিশ্বজিত দাস এবং স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। এলাকার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা ও বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ ছিল কানায় কানায় পূর্ণ।
কুমুদিনী বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ছাত্রীরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখে মঞ্চে। নাচ, গান, আবৃত্তি এবং ছোট নাটকের পাশাপাশি তাদের পরিবেশিত ‘মুকাভিনয়’ উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকেই বিদ্যালয়ের কৃতি ও মেধাবী ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ ‘মেরিট পুরস্কার’। পড়াশোনার পাশাপাশি সহ-পাঠ্যক্রমিক কাজে উৎসাহ দিতেই এই বিশেষ উদ্যোগ বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ।
এবারের অনুষ্ঠানের বিশেষ চমক ছিল একটি থিমভিত্তিক র্যাম্প শো। ‘গাঁয়ের বধূ’ সাজে খুদে পড়ুয়াদের মঞ্চে হাঁটা এবং গ্রামবাংলার চিরাচরিত সংস্কৃতিকে তুলে ধরার প্রচেষ্টা সকলের মন জয় করে নেয়। মাটির গন্ধে মাখা এই অভিনব ভাবনাটি ছিল অনুষ্ঠানের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। অনুষ্ঠানের একদম শেষলগ্নে এক জাদুকরী পরিবেশ তৈরি করে ‘ম্যাজিক শো’, যা কচিকাঁচাদের মধ্যে বিপুল উন্মাদনা সৃষ্টি করে।
সার্বিকভাবে ২০২৬ সালের এই বার্ষিক মিলন উৎসব ছিল অত্যন্ত সুশৃঙ্খল এবং প্রাণবন্ত। উপস্থিত অতিথিবৃন্দ বিদ্যালয়ের এই প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। বনগাঁর শিক্ষানুরাগী মহলের মতে, শিশুদের সৃজনশীল মানসিকতা গড়ে তুলতে এ ধরনের উৎসবের গুরুত্ব অপরিসীম। সব মিলিয়ে হাসি, আনন্দ আর মেধার উদযাপনে এই দিনটি কুমুদিনী গার্লস (প্রাথমিক বিভাগ) স্কুলের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে রইল।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন