Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

বিশ্বজয়ের উচ্ছ্বাস পেরিয়ে বোর্ড পরীক্ষার ময়দানে বৈভব সূর্যবংশী

 ‌

Vaibhav-Suryavanshi

সমকালীন প্রতিবেদন : ব্যাট-বল আপাতত তুলে রেখে বই-খাতাতেই ডুবে রয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ক্রিকেট মাঠের গর্জন, ট্রফি হাতে উদযাপনের মুহূর্ত এখনও স্মৃতিতে টাটকা। তবে সেই সব আবেগ সামলে এখন তার সামনে একেবারে ভিন্ন চ্যালেঞ্জ‌– দশম শ্রেণির বোর্ড পরীক্ষা। ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই পরীক্ষা, হাতে আর মাত্র কয়েক দিন।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ও ম্যাচের ব্যস্ততায় এত দিন সেভাবে পড়াশোনায় মন দেওয়া সম্ভব হয়নি বৈভবের। তাই বিশ্বকাপ জয়ের পর আপাতত ক্রিকেট থেকে বিরতি নিয়ে পুরোপুরি পড়াশোনায় মনোযোগী হয়েছে এই তরুণ ব্যাটার। ক্রিকেটের বাইশ গজ থেকে সরাসরি পরীক্ষার খাতায়– জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছে সে।

বৈভব পড়াশোনা করে বিহারের সমস্তিপুরের পোদার ইন্টারন্যাশনাল স্কুল-এ। স্কুলের অধ্যক্ষ নীল কিশোর জানিয়েছেন, বিশ্বকাপজয়ী তারকা হলেও পরীক্ষার ক্ষেত্রে কোনও বাড়তি সুযোগ দেওয়া হবে না। তাঁর কথায়, “ক্রিকেটের পিচ ছেড়ে এখন পড়াশোনার পিচে নেমেছে বৈভব। ও আমাদের স্কুলের ছাত্র– এটা অবশ্যই গর্বের। কিন্তু পরীক্ষায় সহপাঠীদের সঙ্গে একই নিয়মে বসতে হবে। এখানে সবাই সমান।”

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বৈভব ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড সংগ্রহ করেছে এবং স্কুলে এসে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরেছে। স্কুলে তার উপস্থিতি ঘিরে শিক্ষকদের মধ্যে যেমন উৎসাহ দেখা গেছে, তেমনই ছাত্রছাত্রীদের মধ্যেও খানিকটা উন্মাদনা রয়েছে। তবে অধ্যক্ষ স্পষ্ট করে জানিয়েছেন, পরীক্ষা চলাকালীন পরিবেশ যাতে স্বাভাবিক থাকে, সে দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

পরীক্ষার সময় নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, “আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা করেছি। ছাত্রদের নিরাপত্তা, সুযোগ-সুবিধা– সবকিছুই খেয়াল রাখা হয়েছে। আমরা চাই, সকলে নির্বিঘ্নে বোর্ড পরীক্ষা দিক। পরীক্ষার হলে বৈভব শুধু একজন পরীক্ষার্থী, তারকা ক্রিকেটার নয়।”

উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে ক্রিকেটমহলে ঝড় তুলেছিল বৈভব। সেই সঙ্গে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতে নেয় মাত্র ১৪ বছরের এই প্রতিভাবান ব্যাটার। দেশকে বিশ্বজয় উপহার দেওয়ার পর এবার তার লক্ষ্য একটাই– পরীক্ষার খাতায় নিজের সেরাটা দেওয়া। ক্রিকেটের পর জীবনের এই গুরুত্বপূর্ণ পরীক্ষাতেও সফল হওয়ার স্বপ্ন দেখছে বৈভব।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন