Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

গভীর রাতে ফাঁকা মাঠে বিয়ে করে বিষপান যুগলের, প্রেমিকের মৃত্যুতে চাঞ্চল্য বাগদায়

 

Poisoning-couple

সমকালীন প্রতিবেদন : প্রেমের পরিণতি পেতে সমাজ ও পরিবারের বাধা টপকাতে চেয়েছিলেন দুজনে। কিন্তু সেই লড়াই শেষ হলো চরম ট্র্যাজেডিতে। বুধবার গভীর রাতে বাগদা থানার চাঙ্গা চাঁদপুর এলাকায় এক যুগল বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনায় সূর্য গাইন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁর প্রেমিকা। নাবালিকা মেয়ের অমতে পরিবার অন্য জায়গায় বিয়ে ঠিক করায় এই চরম পথ বেছে নিয়েছেন তাঁরা– এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার পরিবার আগামী ১২ তারিখ অন্য এক পাত্রের সঙ্গে তাঁর বিয়ে ঠিক করেছিল। কিন্তু সূর্য ও ওই কিশোরীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বুধবার রাতে দুজনে চাঙ্গা চাঁদপুরের এক নির্জন ফাঁকা মাঠে মিলিত হন। অভিযোগ, সেখানেই সূর্য ওই কিশোরীর সিঁথিতে সিঁদুর পরিয়ে তাঁকে বিয়ে করেন এবং এরপর দুজনেই বিষপান করেন।

ঘটনার খবর জানাজানি হতেই মেয়ের বাড়ির লোকজন সেখানে পৌঁছান। মৃতের পরিবারের পক্ষ থেকে গুরুতর অভিযোগ তোলা হয়েছে যে, বিষপান করার পর ছটফট করতে দেখেও ওই যুবককে সাহায্য না করে উল্টে তাঁকে বেধড়ক মারধর করেন মেয়ের বাড়ির সদস্যরা। পরে সূর্যের পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে বারাসতের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত সূর্যের বাবা ইতিমধ্যেই বাগদা থানায় প্রেমিকার বাবা, মা ও মাসির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, নাবালিকা হওয়া সত্ত্বেও মেয়েটিকে জোর করে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এই দুজনকে আত্মহত্যার পথে ঠেলে দেওয়া হয়েছে। বিষপানের পর আহত অবস্থায় উদ্ধার না করে সূর্যকে মারধর করা হয়েছে।

বাগদা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন কিশোরীর শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে। নাবালিকার বিয়ে দেওয়ার চেষ্টা এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগের পাশাপাশি মারধরের বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় চাঙ্গা চাঁদপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন