সমকালীন প্রতিবেদন : সীমান্তবর্তী বাগদার মধুপুর চাঁনপাড়া গ্রামে এক গৃহবধূর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুচন্দা দেবনাথ নামে এক মহিলা। তাঁর স্বামী বাপী দাস।
অভিযোগকারীর দাবি, দীর্ঘদিন ধরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে তাঁদের পারিবারিক বিবাদ চলছিল। সেই শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার সময় সুচন্দা বাড়িতে ছিলেন না। তাঁর স্বামী ও দুই নাবালক সন্তান বাপের বাড়িতে থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে তিনি জানান।
আগুনে ঘরের আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণ পুড়ে যায় বলে অভিযোগ। ক্ষয়ক্ষতির পরিমাণও যথেষ্ট বলে দাবি পরিবারের। ইতিমধ্যেই কয়েকজন স্থানীয় বাসিন্দার নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সুচন্দার অভিযোগ, পূর্বশত্রুতার জেরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখছে বাগদা থানার পুলিশ।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন